
আবিদুর রহমান আলিফ
০৩ অক্টোবর ২০২৬ তারিখ নগরীর বয়রাস্থ পুলিশ লাইন্সে “মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে “১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন, ফেস্টুন ও পায়রা উড্ডয়নের মাধ্যমে চ্যাম্পিয়নশিপের শুভ উদ্বোধন ঘোষণা করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ সাজ্জাদুর রহমান।“১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬”-এ খুলনা মেট্রোপলিটন পুলিশের আওতাধীন ০৮টি থানা এলাকার মেধাবী, উদ্যমী ও সম্ভাবনাময় অনূর্ধ্ব-২০ খেলোয়াড়দের বাছাই করে দল গঠন করা হয়েছে। নির্বাচিত খেলোয়াড়দের যথাযথভাবে নিবন্ধনের পাশাপাশি প্রতিটি ম্যাচ শেষে নির্ধারিত মূল্যায়ন ফরমের মাধ্যমে তাদের পারফরম্যান্স মূল্যায়ন করা হবে।উদ্বোধনী বক্তব্যে পুলিশ কমিশনার মহোদয় উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, কাবাডি ফেডারেশনের কর্মকর্তাবৃন্দ, বিচারকমণ্ডলী ও খেলোয়াড়দের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে ইতিবাচক জাগরণ সৃষ্টি করা অত্যন্ত প্রয়োজন। খুলনায় বিদ্যমান বিভিন্ন সামাজিক সমস্যা থেকে উত্তরণের জন্য ক্রীড়া ও সংস্কৃতির ক্ষেত্রগুলোতে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হতে হবে।“১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬” আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট আয়োজক, স্পন্সর ও সহযোগী সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। মাঠ সজ্জা, খেলোয়াড়দের আনা-নেওয়াসহ বিভিন্নভাবে সহযোগিতার জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং টুর্নামেন্টটি ফলপ্রসূ ও সফলভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।এসময় এম, এম শাকিলুজ্জামান, ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর, অতিঃ দায়িত্বে এফএন্ডবি) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত এবং অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপস্ (ভারপ্রাপ্ত) সহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ এবং কমিউনিটি পুলিশিং এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
