
প্রেস বিজ্ঞপ্তি :
খুলনার ডুমুরিয়া উপজেলার ২ নম্বর রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান মনোজিৎ বালার বিরুদ্ধে একটি স্বার্থান্বেষী মহল কর্তৃক সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো মিথ্যা, ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। স্থানীয় শুভাকাঙ্ক্ষী ও কর্মী-সমর্থক মিল্টন মণ্ডল এক বিবৃতির মাধ্যমে এই প্রতিবাদ জানান।প্রতিবাদলিপিতে মিল্টন মণ্ডল বলেন, “মনোজিৎ বালা রঘুনাথপুর ইউনিয়নের সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসার এক অনন্য নাম। তিনি একজন সৎ, যোগ্য, অসাম্প্রদায়িক ও মানবতার সেবায় নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব। দীর্ঘদিন সফল ব্যবসায়ী হিসেবে সুনামের পাশাপাশি তিনি ব্যক্তিগত ও জনপ্রতিনিধি হিসেবে এলাকার মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ইউনিয়নে নানামুখী দৃশ্যমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে তিনি সর্বস্তরের জনগণের মন জয় করেছেন।”তিনি আরও উল্লেখ করেন, চেয়ারম্যানের এই উত্তরোত্তর জনপ্রিয়তা, সামাজিক গ্রহণযোগ্যতা ও সার্বিক সাফল্যে ঈর্ষান্বিত হয়ে একটি চিহ্নিত স্বার্থান্বেষী গোষ্ঠী তার সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টায় মেতে উঠেছে। তারা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিতভাবে উদ্দেশ্য প্রণোদিত ও কুরুচিপূর্ণ তথ্য ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে।প্রতিবাদকারী মিল্টন মণ্ডল এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে রঘুনাথপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে যেকোনো ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যে কান না দিয়ে সচেষ্ট থাকার আকুল আহ্বান জানান। একই সাথে তিনি ষড়যন্ত্রকারীদের এহেন নোংরা কর্মকাণ্ড বন্ধের জোর দাবি জানান।
