
ডেস্ক :
খুলনা মেট্রোপলিটন পুলিশের আয়োজনে ০১ আগস্ট ২০২৬ তারিখ সকাল ১০.০০ ঘটিকায় কেএমপি পুলিশ লাইন্স ড্রিলশেডে গ্র্যান্ড কল্যাণ সভা ও এক সুশৃঙ্খল, বর্ণিল ও হৃদয় ছোঁয়া অনুষ্ঠানের মাধ্যমে কেএমপি’র মান্যবর পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা এঁর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিদায়ী পুলিশ কমিশনার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিটি কর্মস্থল কিছু স্মৃতি, কিছু অর্জন এবং কিছু অনন্য মানুষের সাক্ষী হয়ে থাকে। বদলিজনিত কারণে সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়ের বিদায় তাই খুলনা মহানগর পুলিশের জন্য এক আবেগঘন মুহূর্ত। দায়িত্ব পালনের পুরো সময়জুড়ে তিনি পেশাদারিত্ব, সততা, মানবিকতা ও দূরদর্শী নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। জনবান্ধব পুলিশিং, পুলিশ সদস্যদের কল্যাণ এবং জনগণের আস্থা অর্জনে তাঁর আন্তরিক প্রচেষ্টা সকলের কাছে প্রশংসিত।তিনি আমাদের শিখিয়েছেন, একজন ভালো পুলিশ কর্মকর্তা হওয়ার আগে একজন ভালো মানুষ হওয়া জরুরি। তাঁর নেতৃত্ব, কর্মনিষ্ঠা ও মানবিক মূল্যবোধ খুলনা মহানগর পুলিশের প্রতিটি সদস্যের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।বিদায়ী পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা মহোদয় বলেন, মানুষের পাশাপাশি আল্লাহর সৃষ্টি প্রতিটি প্রাণীর প্রতি ভালোবাসা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং ছোট ছোট মানবিক উদ্যোগই একটি সুন্দর সমাজ গঠনের ভিত্তি। একজন পুলিশ সদস্যের সবচেয়ে বড় শক্তি তার মানবিক আচরণ, সততা, আত্মসমালোচনা ও জনগণের প্রতি আন্তরিক সেবা।পুলিশ সদস্যদের কল্যাণ, মানসিক সুস্থতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বিভেদ নয়, ঐক্য; প্রতিশোধ নয়, ক্ষমা ও সংশোধন; ক্ষমতার প্রদর্শন নয়, সেবার মনোভাব এই মূল্যবোধ ধারণ করে দায়িত্ব পালনের আহ্বান জানান। খুলনা মহানগর পুলিশে কর্মরত সকল সদস্যের আন্তরিকতা, ত্যাগ ও নিষ্ঠার প্রশংসা করে ভবিষ্যতেও বাংলাদেশ পুলিশের সদস্যদের কল্যাণ, মর্যাদা ও পেশাগত উন্নয়নে কাজ করে যাওয়র দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।এ সময় উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল, অতিঃ দায়িত্বে এ্যাডমিন এন্ড ফিন্যান্স), জনাব এম, এম শাকিলুজ্জামান, ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর, অতিঃ দায়িত্বে এফএন্ডবি) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপস্ (ভারপ্রাপ্ত) এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
