
মোল্লা জাহাঙ্গীর আলম :
খুলনা নগরীর নিরালা ৩ নম্বর প্রান্তিকা আবাসিক এলাকায় বস্তাবন্দি অবস্থায় এক অজ্ঞাত তরুণীর মর দেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, নিহতের বয়স আনুমানিক ২০ থেকে ২২ বছর হবে।বুধবার (৮ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে স্থানীয় বাসিন্দারা এলাকার একটি নির্জন স্থানে সন্দেহজনক একটি বস্তা পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বস্তাটি খুলে ভেতর থেকে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার করে।পুলিশ জানায়, নিহত তরুণীর পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে কিনা তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং নিহত তরুণীর পরিচয় শনাক্তে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের এক কর্মকর্তা জানান, আশপাশের বাসা-বাড়ি ও দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এলাকার বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ চলছে। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে তা তদন্তের পর বলা যাবে।হঠাৎ বস্তাবন্দি তরুণীর মরদেহ উদ্ধারের খবরে নিরালা প্রান্তিকা আবাসিক এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায়। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে।পুলিশের ধারণা, রাতের আঁধারে দুর্বৃত্তরা তরুণীর মর দেহ বস্তায় ভরে এখানে ফেলে গেছে। তবে কে বা কারা এই নৃশংস কাজ করেছে এবং কী উদ্দেশ্যে তা এখনও পরিষ্কার নয়। তরুণীর পরিচয় শনাক্ত ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। এ বিষয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে থানা পুলিশ।এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই নিহত তরুণীর পরিচয় শনাক্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
