
ডেস্ক :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার পুটিয়া এলাকায় স্বামীর সংসারে ফিরে যাওয়ার দাবিতে অনশন শুরু করেছেন এমবিবিএস (ইন্টার্ন) চিকিৎসক ডা. বন্যা মজুমদার।মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে তিনি স্বামী ডা. শতদল মন্ডলের বাড়ির সামনে অবস্থান নিয়ে অনশন কর্মসূচি শুরু করেন।অনশনরত ডা. বন্যা মজুমদার গণমাধ্যমকে বলেন, স্বামীর সঙ্গে পারিবারিক বিরোধের জেরে তিনি দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। তিনি আরও অভিযোগ করেন, তাঁর বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হয়েছে এবং বিয়ের সময় দেওয়া স্বর্ণালংকার ও অন্যান্য জিনিসপত্র রেখে তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে।তিনি জানান, কোনো সংঘাত নয়, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে স্বামীর সংসারে ফিরে যেতে চান। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তিনি।স্থানীয় কয়েকজন বাসিন্দা গণমাধ্যমকে জানান, বিষয়টি নিয়ে এলাকায় বিভিন্ন আলোচনা রয়েছে। তবে ডা. বন্যার বিরুদ্ধে যেসব অভিযোগ প্রচার করা হচ্ছে, সেগুলোর সত্যতা সম্পর্কে তারা নিশ্চিত নন। তাদের দাবি, বিষয়টি পারিবারিক বিরোধের জেরেই জটিল আকার ধারণ করেছে।এ বিষয়ে জানতে চাইলে ডা. শতদল মন্ডল গণমাধ্যমকে বলেন, তাঁর স্ত্রী অনশনে বসেছেন কি না, সে বিষয়ে তিনি অবগত নন। তবে বিষয়টি আদালতে বিচারাধীন উল্লেখ করে তিনি জানান, আইনজীবীর পরামর্শ অনুযায়ী এ মুহূর্তে তিনি বিস্তারিত কোনো মন্তব্য করতে চান না। তিনি আরও বলেন, ইতোমধ্যে স্ত্রীকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।স্থানীয় ইউপি সদস্য কালিপদ বিশ্বাস বলেন, বিষয়টি নিয়ে একাধিকবার সামাজিকভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হলেও এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি। তিনি আশা প্রকাশ করেন, উভয় পক্ষ আলোচনার মাধ্যমে বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি করবে।উল্লেখ্য, ডা. বন্যার আনা অভিযোগগুলোর বিষয়ে আদালতে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
