
নিজস্ব প্রতিবেদক:
খুলনার তেরখাদা উপজেলায় পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ১৫ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।সোমবার (২৯ জুন) উপজেলার হাড়িখালী পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ এলাকায় বন বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ তাহমিনা সুলতানা নীলা।বন বিভাগ সূত্রে জানা যায়, হাড়িখালী গাজী বাড়ি সুইস গেট থেকে হাড়িখালী মান্দার ফকিরের বাড়ি পর্যন্ত বেড়িবাঁধ এলাকায় পর্যায়ক্রমে ১৫ হাজার গাছের চারা রোপণ করা হবে। এসব চারার মধ্যে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির গাছ রয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মিজ তাহমিনা সুলতানা নীলা বলেন, একটি গাছ শুধু অক্সিজেনের উৎস নয়, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত, নদীভাঙন ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।তিনি আরও বলেন, গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর সঠিক পরিচর্যা নিশ্চিত করতে হবে। আজকের একটি চারা আগামী দিনের সুস্থ পরিবেশ ও নিরাপদ ভবিষ্যতের ভিত্তি হতে পারে।এ সময় ফুলতলা এসএফএনটিসি, খুলনা ও সামাজিক বন বিভাগ, বাগেরহাটের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোহসীন হাওলাদারসহ বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে দেশ ও পরিবেশ রক্ষায় সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান ইউএনও। বন বিভাগের এ ধরনের সবুজায়ন কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
