
মোল্লা জাহাঙ্গীর আলম :
খুলনার বটিয়াঘাটা উপজেলার বয়ারভাঙ্গা গ্রামে ফসলি জমির মাঝে পড়ে থাকা অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ২৫ জুন দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে বয়ারভাঙ্গার আউশখালী মাইলমারা স্লুইস গেটের পূর্ব পাশে প্রকাশ মন্ডলের জমিতে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সাথে সাথেই বটিয়াঘাটা থানায় খবর দেওয়া হয়।খবর পাওয়ামাত্রই পুলিশের একটি দল ঘটনাস্থলে ছুটে যায়। ঘটনাস্থল ঘিরে রেখে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। নিহত নারীর আনুমানিক বয়স ৪২ বছর। তবে তার পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।পরিচয় উদঘাটন ও মৃত্যুর কারণ জানতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন PBI এবং CID খুলনা জেলা শাখাকে তাৎক্ষণিক অবহিত করা হয়। তাদের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আলামত সংগ্রহ ও প্রাথমিক তদন্ত শুরু করেন। মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল কি না, মৃত্যু স্বাভাবিক নাকি অস্বাভাবিক—তা খতিয়ে দেখা হচ্ছে।প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।বটিয়াঘাটা থানার ওসি জানান, “নিহতের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। এ ঘটনায় থানায় আইনানুগ প্রক্রিয়া শুরু হয়েছে। কারও কাছে কোনো তথ্য থাকলে পুলিশকে জানানোর অনুরোধ করা হচ্ছে।ফসল কাটার মৌসুমে এমন রহস্যমৃত্যুতে বয়ারভাঙ্গা ও আশপাশের গ্রামে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, “মহিলাটি কে, কোথা থেকে এলো—কেউ চিনতে পারছে না। প্রশাসন দ্রুত আসল রহস্য বের করুক, এটাই চাই।
