
নিজস্ব প্রতিবেদক:
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে কোনো নতুন মৃত্যুর ঘটনা ঘটেনি। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ জুন পর্যন্ত বিভাগে মোট ৬৬১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন এবং ৩ জনের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৩ জুন) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় প্রকাশিত ডেঙ্গু পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় যশোরে ৪ জন, খুলনা জেলায় ২ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন এবং সাতক্ষীরায় ১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বিভাগের অন্যান্য জেলায় এ সময়ে নতুন কোনো রোগী শনাক্ত হয়নি।স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, চলতি বছরে খুলনা বিভাগে এ পর্যন্ত মোট ৬৬১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৫৭৪ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৭১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া ১৩ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার্ড করা হয়েছে।ডেঙ্গুতে মৃত্যুর তথ্য অনুযায়ী, চলতি বছরে বাগেরহাটে ১ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২ জনের মৃত্যু হয়েছে। ফলে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩ জনে।ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি, বাসাবাড়ি ও আশপাশের এলাকায় জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
