
ডেস্ক :
খুলনা বিভাগে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৩১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তবে এ সময়ে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ জুন পর্যন্ত বিভাগে মোট ৭০২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৯১ জন এবং উন্নত চিকিৎসার জন্য ১৪ জনকে অন্য হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৯৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২১ জন রোগী ভর্তি হয়েছেন বাগেরহাট জেলায়। এছাড়া যশোর ও নড়াইলে ৪ জন করে এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরে খুলনা বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বাগেরহাটে একজন এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দুজনের মৃত্যু হয়েছে।স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বর্ষা মৌসুমকে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার প্রজননস্থল ধ্বংস এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
