
নিজস্ব প্রতিবেদক: সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগার লবি বলেছেন, সরকারের আড়াই মাস বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। এরই মধ্যে সাধারণ মানুষ স্বপ্ন দেখতে শুরু করেছে। প্রত্যেকটি মানুষই কর্ম করে খেতে চায়। তার জন্য ক্ষেত্র, সুযোগ এবং সময় দিতে হবে। বিগত সরকারের সময় অনেক কিছু লুটে পুটে খেয়ে ধ্বংস করে রেখে গেছে। বিভিন্ন জায়গায় প্রকল্প বরাদ্দ দেয়া হয়েছে ঠিকই কিন্তু তারা কোন কাজ করে যায়নি। তারা মানুষের সম্পদ ধ্বংস করেছে। কিন্তু বিএনপি সরকার জনকল্যাণের জন্য কাজ করতে চায়।সোমবার বিকেল সাড়ে ৪টায় দামোদর ইউনিয়নের আলকা রেলগেট হতে দামোদর রেলগেট পর্যন্ত ৫শ’ মিটার রাস্তা এইচবিবি করণ-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে নির্বাচনী প্রতিশ্র“তি বাস্তবায়নের জন্য খাল খনন, ফ্যামিলী কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। সরকার সবার আগে খাল খনন, ফ্যামিলী কার্ড, কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছে। তিনি এ সময় আরও বলেন, ভঙ্গুর অর্থনীতির হাত থেকে বাঁচতে হলে সবাইকে একযোগে সৎভাবে কাজ করতে হবে। এছাড়া আমার নির্বাচনী এলাকায় কোন প্রকল্পের নামে দুর্নীতি সহ্য করা হবে না। দেশের নদী, খাল, নালা, পুকুর ভরাট হয়ে গেছে। এগুলো খনন করা হলে কৃষকদের উন্নয়ন ঘটবে। কৃষকদের উন্নয়ন হলে দেশের অর্থনীতি মজবুত হবে। ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার সুচি রানী সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ জামাল হুসাইন, উপজেলা বিএনপি’র আহবায়ক ও ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, সদস্য সচিব ইঞ্জিনিয়ার মনির হাসান টিটো, ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, বিএনপি নেতা মোঃ সেলিম সরদার, এনামুল হোসেন পারভেজ ভূঁইয়া, অনুপম মিত্র, জুবায়দা রহমান শুরভী, মশিয়ার রহমান বিপ্লব, ইব্রাহীম হোসেন প্রমুখ।
