
মোল্লা জাহাঙ্গীর আলম :
খুলনা নগরীর খালিশপুরের গোয়ালখালী এলাকায় গাড়ির গতিরোধ করে রাজন হাওলাদার নামে এক ব্যক্তিকে কুপিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা। এ সময় তার কাছে থাকা নগদ টাকা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় হামলাকারীরা।শুক্রবার রাতে গোয়ালখালী কবরখানা গেটের সামনে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, রাজন হাওলাদার গাড়ি নিয়ে কবরখানা গেটের সামনে পৌঁছলে আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তার গাড়ির জানালা ভাঙচুর করে। প্রাণ বাঁচাতে রাজন দৌড়ে কবরস্থানের ভেতরে ঢুকলে দুর্বৃত্তরা পিছু ধাওয়া করে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে নগদ অর্থ ও স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রাজন হাওলাদারকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত দোষীদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।খালিশপুর থানা পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
