
নিজস্ব প্রতিনিধি :মৌলভীবাজার সদর উপজেলার ১২নং গিয়াসনগর ইউনিয়নে আদর্শবান ও জনবান্ধব নেতা গোলাম মোশাররফ টিটুর মুক্তির দাবিতে এবার মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছেন স্থানীয় এলাকাবাসী। বিষয়টি ঘিরে পুরো এলাকায় আলোচনা ও উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার সন্তান গোলাম মোশাররফ টিটু দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়ন, সামাজিক কর্মকাণ্ড ও জনসেবামূলক কাজে সক্রিয় ছিলেন। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়ে তিনি স্থানীয়দের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।
এলাকাবাসীর অভিযোগ, জনকল্যাণে নিবেদিত ও সৎ একজন ব্যক্তিকে আটকে রাখা অনাকাঙ্ক্ষিত। তারা মনে করেন, তার অনুপস্থিতিতে স্থানীয় জনসেবামূলক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ছে।
এ অবস্থায় গিয়াসনগর ইউনিয়নের সর্বস্তরের জনগণ মানববন্ধন কর্মসূচির আহ্বান জানিয়েছেন। তারা বলেন, শান্তিপূর্ণ এই কর্মসূচির মাধ্যমে তারা গোলাম মোশাররফ টিটুর দ্রুত ও ন্যায়সঙ্গত মুক্তির দাবি পুনর্ব্যক্ত করবেন।
আয়োজকরা আশা করছেন, মানববন্ধনের মাধ্যমে তাদের দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবে এবং বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে।
এলাকাবাসীর প্রত্যাশা, শিগগিরই গোলাম মোশাররফ টিটু মুক্ত হয়ে আবারও এলাকার উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখতে পারবেন।
