
ডেস্ক রিপোর্ট: খুলনার সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে একটি অবৈধ বিদেশি পিস্তল, ম্যাগাজিনে থাকা ৪ রাউন্ড তাজা গুলি এবং একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় জড়িত অজ্ঞাতনামা দুর্বৃত্তরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে।পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ এপ্রিল ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬টা ২০ মিনিটে সোনাডাঙ্গা মডেল থানার এসআই (নিঃ) সুমন হাওলাদার সঙ্গীয় ফোর্সসহ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে হাজী ইসমাইল রোডস্থ চশমাওয়ালার মোড় হয়ে পল্লীমঙ্গল স্কুল সংলগ্ন পল্লীমঙ্গল জামে মসজিদের সামনে পৌঁছালে ৪-৫টি মোটরসাইকেলে ৮-১০ জন অজ্ঞাত ব্যক্তি মেসার্স মনির ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের সামনে অবস্থান করতে দেখা যায়।পুলিশ এগিয়ে গেলে দুর্বৃত্তরা দ্রুত কেডিএ এভিনিউয়ের দিকে পালানোর চেষ্টা করে। এ সময় একটি মোটরসাইকেলের চালক ও আরোহী তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি ফেলে দৌড়ে পালিয়ে যায়। পালানোর সময় তাদের একজনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ঘটনাস্থলে পড়ে যায়।পরে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে পুলিশ একটি ৭.৬৫ এমএম বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিনে থাকা ৪ রাউন্ড তাজা গুলি এবং একটি নীল-কালো রঙের সুজুকি জিক্সার মোটরসাইকেল জব্দ করে।পুলিশ জানায়, পলাতক আসামিরা পরস্পর যোগসাজসে সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্যে অবৈধ অস্ত্র বহন করছিল। এ ঘটনায় সোনাডাঙ্গা মডেল থানায় ১৯এ (Arms Act, 1878) ধারায় মামলা দায়ের করা হয়েছে (এফআইআর নং-৮, তারিখ: ১১ এপ্রিল ২০২৬; জিআর নং-৮২, সময়: রাত ১২টা ১০ মিনিট)।এ ঘটনায় জড়িতদের সনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
