
সরদার বাদশা নিজস্ব প্রতিবেদক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে ব্যাপক রাজনৈতিক জাগরণ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে খুলনা জেলার ফুলতলা উপজেলা স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বাধীনতার পর গত ৫৪ বছরে রাষ্ট্র পরিচালনার সুযোগ পাওয়া দলগুলো সততা, নৈতিকতা ও আমানতদারির পরীক্ষায় ব্যর্থ হয়েছে। জনগণ এবার সেই ব্যর্থ শক্তির শাসনের অবসান চায়।
সন্ত্রাস ও কালো টাকার অভিযোগ
মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, দাঁড়িপাল্লার বিজয় ঠেকাতে একটি পক্ষ আগেই চাঁদাবাজি, দখলবাজি, সহিংসতা ও ভয়ভীতির পথ বেছে নিয়েছে। তিনি দাবি করেন, নারী ভোটারদের হুমকি, সভা-মিটিংয়ে হামলা এবং ধর্মীয় নেতৃবৃন্দের ওপর সহিংসতার ঘটনাও ঘটেছে।
তিনি বলেন, “ক্ষমতায় যাওয়ার আগেই যারা দখলবাজি ও চাঁদাবাজিতে জড়ায়, তারা ক্ষমতায় গেলে জানমালের কোনো নিরাপত্তা থাকবে না।”
১১ দলীয় ঐক্যের কথা তুলে ধরলেন
তিনি জানান, জামায়াতে ইসলামীসহ ছয়টি ইসলামী দল, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জুলাই আন্দোলনের তরুণ শক্তি, এলডিপি, খেলাফত মজলিস ও খেলাফত আন্দোলনসহ বিভিন্ন দেশপ্রেমিক দল ১১ দলীয় নির্বাচনী ঐক্যে যুক্ত হয়েছে।
তার অভিযোগ, দাঁড়িপাল্লার জনপ্রিয়তা দেখে প্রতিপক্ষ বিপুল পরিমাণ কালো টাকা ব্যবহার করে দাগি সন্ত্রাসীদের সক্রিয় করার চেষ্টা করছে।
প্রশাসনের প্রতি আহ্বান
প্রশাসনের উদ্দেশে মিয়া গোলাম পরওয়ার বলেন, আচরণবিধি মনিটরিং কমিটি ও আইনশৃঙ্খলা বাহিনী চাইলে কোথায় কোথায় কালো টাকা ছড়ানো হচ্ছে তা সহজেই শনাক্ত করা সম্ভব। অবৈধ অস্ত্র ও চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে আগাম ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি
১১ দলীয় ঐক্য বিজয়ী হলে ডা. শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী করে সরকার গঠনের ঘোষণা দিয়ে তিনি বলেন, সেই সরকার—
· দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে
· নৈতিকতাভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করবে
· নারীদের মাস্টার্স পর্যন্ত বিনা খরচে শিক্ষা দেবে
· ৬০ বছরের ঊর্ধ্বে নাগরিকদের ফ্রি চিকিৎসা নিশ্চিত করবে
· সুদমুক্ত ও যাকাতভিত্তিক অর্থব্যবস্থা চালু করবে
হাসনাত আব্দুল্লাহর বক্তব্য
জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন,
“একটি পক্ষ বুলেটের প্রস্তুতি নিচ্ছে, আর আমরা ব্যালটের প্রস্তুতি নিচ্ছি। এই বুলেটের রাজনীতিকে আমরা ব্যালটের রাজনীতির মাধ্যমে পরাজিত করব।”
তিনি বলেন, এই নির্বাচন শহীদদের রক্তে অর্জিত। ভোট কেনাবেচা না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোট জনগণের পবিত্র আমানত।
সভাপতিত্ব ও উপস্থিতি
জনসভায় সভাপতিত্ব করেন ফুলতলা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আব্দুল আলিম মোল্লা। এতে জামায়াত, এনসিপি, খেলাফত মজলিসসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
