
নিজস্ব প্রতিবেদক:
খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের একটি চৌকস আভিযানিক টীম ৪ ফেব্রুয়ারি সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন সঙ্গীতা হোটেল থেকে খুলনা মহানগরীর তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী সাকিবুর রহমান ওরফে জিতু (৩৩), তার সহযোগী জাহাঙ্গীর হোসেন মিয়া (৪৫), শাওন (২৪) ও সোহেল রানা ওরফে উজ্জ্বল শেখ (২৮)কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। পুলিশ জানায়, থানার রেকর্ডপত্র এবং সিডিএমএস যাচাই করে গ্রেফতারকৃত সন্ত্রাসী জিতুর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, দস্যুতা, চাঁদাবাজী, বিস্ফোরক আইন, দ্রুত বিচার আইন, বিশেষ ক্ষমতা আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং মাদক মামলাসহ ১৪ টি মামলার তথ্য পাওয়া গেছে। সন্ত্রাসী জাহাঙ্গীরের বিরুদ্ধে ১ টি হত্যা মামলাসহ ও ১০ টি মামলা রয়েছে, যার মধ্যে ১ টি মামলায় সে যাবৎজীবন সশ্রম কারাদন্ড প্রাপ্ত এবং দশ হাজার টাকা জরিমানার সাজা প্রাপ্ত । শাওনের বিরুদ্ধে ২ টি হত্যা মামলাসহ ৬ টি মামলা এবং সোহেলের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের ৯ টি মামলার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আরো মামলা আছে কিনা যাচাই-বাছাই করা হচ্ছে।
