
মোল্লা ইকবাল হুসাইন দিঘলিয়া(খুলনা)প্রতিনিধি :
খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি বাজারের এক দোকানদার অভিযোগ করেছেন, ফ্রিজ বিক্রির দুই বছর পার হলেও এখনও তার পাওনা টাকা বুঝে পাননি। থানায় অভিযোগ করার পর উল্টো হুমকির মুখে দিন পার করছেন বলে দাবি করেছেন তিনি।
ভুক্তভোগী দোকানদার মোঃ সাদ্দাম হোসেন (৩৪) জানান, প্রায় দুই বছর আগে তিনি একই এলাকার বাসিন্দা মোঃ সাইফুল ইসলামের স্ত্রী মোসাঃ হাফছা (২৫)-এর কাছে ভিশন কোম্পানির একটি ফ্রিজ ৪৮ হাজার ৫০০ টাকায় বাকিতে বিক্রি করেন। দীর্ঘ সময় পার হলেও ফ্রিজের পুরো টাকা পরিশোধ করা হয়নি।পাওনা টাকা আদায়ের জন্য সাদ্দাম হোসেন গত ১৭ জানুয়ারি ২০২৬ দিঘলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটি পরে সেনহাটি পুলিশ ক্যাম্পের টু-আইসি এএসআই টিপুল হোসেন-এর কাছে হস্তান্তর করা হয়।ভুক্তভোগী সাদ্দাম হোসেন এ প্রতিবেদককে বলেন,“আমি একজন সাধারণ ব্যবসায়ী। ছোটখাটো বেচাকেনা করেই সংসার চালাই। পাওনা টাকা আদায়ের জন্য থানায় অভিযোগ করায় হাফছা ও তার স্বামী সাইফুল আমাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। এতে আমি শঙ্কার মধ্যে দিন কাটাচ্ছি।”তিনি আরও জানান, বর্তমানে তার ১১ হাজার ৬০০ টাকা বাকি রয়েছে। এই টাকা পেলে দোকান ও সংসার চালাতে কিছুটা স্বস্তি পেতেন বলে জানান তিনি।এ বিষয়ে সেনহাটি পুলিশ ক্যাম্পের টু-আইসি এএসআই টিপুল হোসেন বলেন,“অভিযোগটি আমার কাছে আসার পরই আমি প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। অভিযুক্ত হাফছা পাওনা টাকা পরিশোধের কথা বলেছে। টাকা উদ্ধারে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
