
নিজস্ব প্রতিনিধি, যশোর: যশোরের বাঘারপাড়ায় এসআরবি-৬-এর অভিযানে ৯৫ বোতল বিদেশি মদ ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।রোববার (১৫ নভেম্বর ২০২৬) সকাল ১১টার দিকে বাঘারপাড়া থানার ধলগা বাজার এলাকায় ঢাকা-যশোর মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।এসআরবি-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। এ সময় ২৩ বোতল ব্ল্যাক হুইস্কি, ৩৬ বোতল ব্লু হুইস্কি ও ৩৬ বোতল ম্যাকডাওয়েলস লাক্সারি হুইস্কি উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, ফরিদপুরের মধুখালী উপজেলার আরপাড়া গ্রামের মো. মোক্তার হোসেন (৪৮) এবং পটুয়াখালীর গলাচিপা উপজেলার বাসিন্দা প্রাইভেট কারচালক মো. রাজ্জাক মৃধা (৫০)।এসআরবি সূত্রে জানা যায়, উদ্ধার করা মাদকদ্রব্য সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়েছে। পরে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে বাঘারপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।এসআরবি-৬, সিপিসি-৩, যশোরের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামিম মুবীন সরকার সুমন জানান, মাদকবিরোধী অভিযানসহ অপরাধীদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে এসআরবির চলমান অভিযান অব্যাহত থাকবে।
