
মাদারীপুর জেলা প্রতিনিধি:
মাদারীপুরের কালকিনি পৌর এলাকার ভূরঘাটা এলাকায় এক মানসিক ভারসাম্যহীন নারী পরিত্যক্ত স্থানে ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। শুক্রবার ( ২৯ মে ) ভোররাতে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় মা ও নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারী দীর্ঘদিন ধরে কালকিনি পৌর এলাকার বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতেন। শুক্রবার ভোররাতে ভূরঘাটা এলাকায় তার প্রসব ব্যথা শুরু হলে আশপাশের কয়েকজন নারী এগিয়ে এসে সহযোগিতা করেন। পরে তিনি একটি ছেলে সন্তানের জন্ম দেন। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।খবর পেয়ে স্থানীয় প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মা ও নবজাতকের চিকিৎসার ব্যবস্থা করে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফ উল আরেফীন জানান, মা ও নবজাতকের চিকিৎসাসহ প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। তাদের সুস্থতা নিশ্চিত করতে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।এ ঘটনায় স্থানীয় সচেতন মহল মানসিক ভারসাম্যহীন ও অসহায় নারীদের নিরাপত্তা নিশ্চিতে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
