
নাজমুস সাকিব, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা: খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ল্যাঙ্গুয়েজ ক্লাব (KAULC) এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন কৃষি অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. আবরার বিন মেসবাহ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মৎস্য ও সমুদ্র বিজ্ঞান অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী খালেকুজ্জামান রুম্মান।বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার উপযোগী করে গড়ে তোলার প্রত্যয় নিয়ে এই নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।এর আগের কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মোঃ জেহাদ হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন এস. এম. ফুয়াদ হাসান।নবনিযুক্ত সভাপতি আবরার বিন মেসবাহ বর্তমানে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাব-এর সাধারণ সম্পাদক হিসেবেও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রুম্মান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সৃজনশীল ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।নতুন কমিটি গঠনের খবরে সাধারণ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। শিক্ষার্থীদের প্রত্যাশা, মেসবাহ ও রুম্মানের নেতৃত্বে ল্যাঙ্গুয়েজ ক্লাব ক্যাম্পাসে ভাষা চর্চার নতুন দিগন্ত উন্মোচন করবে। বিশেষ করে নিয়মিত সেমিনার, ওয়ার্কশপ এবং ভাষাভিত্তিক বিভিন্ন আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের ইংরেজি ও অন্যান্য ভাষায় দক্ষ করে তোলার কার্যক্রম আরও বেগবান হবে।নতুন দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় সভাপতি আবরার বিন মেসবাহ বলেন,“বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইংরেজি ও অন্যান্য ভাষায় পারদর্শী করে তোলা এবং বিভিন্ন সহ-শিক্ষা কার্যক্রমের মাধ্যমে তাদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে ল্যাঙ্গুয়েজ ক্লাব কাজ করে যাবে। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আমি কৃতজ্ঞ।”তাদের এই নতুন সাফল্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন। ক্লাবের সদস্য ও সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের হাত ধরে ল্যাঙ্গুয়েজ ক্লাব ভবিষ্যতে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালন করবে এবং ক্যাম্পাসে সৃজনশীল ও দক্ষতাভিত্তিক শিক্ষার পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
