
নিজস্ব প্রতিবেদক: খুলনা নগরীতে চুরির অপবাদ দিয়ে এক যুবককে আটকে জোরপূর্বক মাথার চুল কেটে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।মঙ্গলবার ২৮ এপ্রিল ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, নগরীর একটি ভবনের ছাদে কয়েকজন যুবক মিলে ভুক্তভোগীকে আটকে কাঁচি দিয়ে তার মাথার চুল কেটে দিচ্ছে। একইসঙ্গে পুরো ঘটনা মোবাইল ফোনে ভিডিও ধারণ করা হচ্ছিল।ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেই এ ঘটনাকে ‘বিচার বহির্ভূত শাস্তি’ ও ‘মব জাস্টিস’ হিসেবে উল্লেখ করে নিন্দা জানিয়েছেন। একজন ফেসবুক ব্যবহারকারী মন্তব্য করেছেন, “কেউ অপরাধ করলে দেশে প্রচলিত আইন আছে। আদালতে দোষ প্রমাণ হওয়ার আগেই এভাবে শাস্তি দেওয়া গুরুতর অপরাধ ও আইনের শাসনের পরিপন্থী।”আইনজীবী ও মানবাধিকার কর্মীরা বলছেন, এ ধরনের ঘটনা ফৌজদারি অপরাধ। দণ্ডবিধির ৩২৩, ৩৫৫ ধারাসহ একাধিক ধারায় মামলা হতে পারে। কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে তা পুলিশে সোপর্দ করতে হবে। নিজের হাতে আইন তুলে নেওয়ার কোনো সুযোগ নেই।তারা আরও বলেন, সম্প্রতি দেশে এ ধরনের ‘মব জাস্টিস’-এর প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ না নিলে এটি ভবিষ্যতে ভয়াবহ আকার ধারণ করতে পারে এবং সমাজে অরাজকতা তৈরি হবে।এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ভুক্তভোগী যুবকের পরিচয় ও ঘটনার স্থান সম্পর্কেও নিশ্চিত তথ্য জানা যায়নি। পুলিশ বলছে, ভিডিওটি যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
