
মোল্লা ইকবাল হুসাইন, দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি :
খুলনা-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল বলেছেন, নতুন বাংলাদেশ গড়তে হলে শাসন ব্যবস্থায় ন্যায্যতা প্রতিষ্ঠা করতে হবে। দেশের উন্নয়নে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, “সবার আগে বাংলাদেশ”—তাই দেশ গড়ার কাজে কোনো বিভেদ রাখা চলবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলুমবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক কারবারিদের কোনো রাজনৈতিক পরিচয় থাকবে না।
রবিবার (১ মার্চ) দুপুর পৌনে ২টায় দিঘলিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের সকল দপ্তর প্রধানদের সঙ্গে আয়োজিত বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন-অর-রশীদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংসদ সদস্য উপজেলার সার্বিক উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।হাটবাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনার নির্দেশ দিয়ে এমপি বলেন, গ্রামীণ হাটবাজারের ইজারা ও ট্যাক্স আদায়ে সামঞ্জস্য বজায় রাখতে হবে এবং পণ্যের খাজনার তালিকা জনসম্মুখে টাঙিয়ে দিতে হবে। বাজারের সীমানার বাইরে উন্মুক্ত দোকানের ওপর কোনো ট্যাক্স আদায় করা যাবে না।
ভূমি সেবা প্রসঙ্গে তিনি বলেন, জমির বিচার কোনো রাজনৈতিক নেতা করবে না; ইউএনও ও এসিল্যান্ড কাগজপত্র যাচাই করে প্রকৃত মালিককে জমি বুঝিয়ে দেবেন। এছাড়া উপজেলার মৃতপ্রায় খাল পুনঃখননের নির্দেশ দেন এবং হাসপাতালের পরিচ্ছন্নতা ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। নারীদের স্বাবলম্বী করতে ও নারী উন্নয়নে বিশেষ গুরুত্ব দিতে মহিলা বিষয়ক কর্মকর্তাকে তাগিদ দেন তিনি।সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ আহমেদ, দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল আলম, কৃষি অফিসার কিশোর আহমেদ, প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, সিনিয়র মৎস্য অফিসার স্নিগ্ধা খাঁ বাবলী, প্রাণিসম্পদ অফিসার ডাঃ মাহমুদা সুলতানা এবং প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ জামাল হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ।
প্রশাসনিক সভা শেষে বিকাল সাড়ে ৫টায় সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল গাজীরহাট হাজী সায়েম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে জনসাধারণের সঙ্গে ইফতার মাহফিলে অংশ নেন। ইফতারের পূর্বে বক্তব্যে তিনি বলেন, নির্বাচনের আগে যে পরিবর্তনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়ন করা হবে। জনগণের সেবার জন্যই সরকার গঠিত হয়েছে এবং বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই তাদের লক্ষ্য।
অনুষ্ঠানে উপজেলা ও জেলা পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোল্লা সাইফুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক রকিব মল্লিক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, আরিফুর রহমান আরিফ, মোজাম্মেল শরীফ, মহিলা দল নেত্রী সেতারা সুলতানা, কুদরত-ই-এলাহি স্পিকার, আবু সাঈদ, লিটন মোল্লা, আব্দুল কাদের জনি ও মোঃ সোহাগ বিশ্বাসসহ স্থানীয় নেতৃবৃন্দ।
