
খুলনার সময়ের খবর ডেস্ক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) আসনে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথবাহিনীর তৎপরতা আরও জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে সালথা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী টহল কার্যক্রম পরিচালনা করে। টহলকালে উপজেলার বিভিন্ন বাজারে উপস্থিত ভোটার ও সাধারণ জনগণের উদ্দেশে যৌথবাহিনীর পক্ষ থেকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে তাদের কঠোর অবস্থানের কথা জানানো হয়। এ সময় বাজারগুলোর গুরুত্বপূর্ণ পয়েন্টে এবং বিভিন্ন ভোটকেন্দ্রের সামনে যৌথবাহিনীর পেট্রোল টিম মোতায়েন থাকতে দেখা যায়। যৌথ টহলে উপস্থিত ছিলেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম, ফরিদপুর-২ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান (যুগ্ম জেলা ও দায়রা জজ) অমিত কুমার বিশ্বাস, সালথা সেনা ক্যাম্পের ক্যাপ্টেন নিমান মোহাম্মদ ইমতিয়াজ, সালথা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মাহমুদুল হাসান, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান, বিজিবির ওয়ারেন্ট অফিসার সেলিম পারভেজসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এছাড়া উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে গঠিত আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক শত সদস্য এ টহল কার্যক্রমে অংশ নেন। এর আগে মঙ্গলবার যৌথবাহিনী সালথা উপজেলার দুটি ইউনিয়নে মহড়া পরিচালনা করে, যা নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা প্রস্তুতির অংশ হিসেবে করা হয়। নির্বাচন ঘিরে যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে যৌথবাহিনীর এই তৎপরতা অব্যাহত থাকবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
