
সোহেল রানা,স্টাফ রিপোর্টার রাজশাহী :
বিএনপির সিনিয়র নেতা তারেক রহমানের সম্ভাব্য আগমনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিরাপত্তা প্রস্তুতির অংশ হিসেবে সংশ্লিষ্ট এলাকায় মাঠ পরিদর্শন করেছে র্যাব।
র্যাব সূত্র জানায়, তারেক রহমানের আগমন ঘিরে জনসমাগম হতে পারে—এমন স্থানগুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে সম্ভাব্য সমাবেশস্থল, প্রবেশ ও বের হওয়ার পথ, গুরুত্বপূর্ণ সড়ক এবং আশপাশের এলাকা সরেজমিনে পরিদর্শন করা হয়।
পরিদর্শনকালে র্যাব সদস্যরা স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করেন। একই সঙ্গে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানা গেছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, জননিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিস্থিতি অনুযায়ী অতিরিক্ত ফোর্স মোতায়েনসহ নিরাপত্তা তৎপরতা আরও জোরদার করা হতে পারে।
