
নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও:-শীতকে উপেক্ষা করে পর্যটকের পদচারণায় মুখর হয়ে উঠে কক্সবাজার সমুদ্র সৈকত। সাগরের নোনাজলে বাঁধভাঙা আনন্দে মেতে উঠেছেন ভ্রমণ পিপাসু মানুষ।গতকাল বিকেলে কক্সবাজারের ডলফিন পয়েন্টে গিয়ে দেখা যায়, সৈকতে নানা শ্রেনী পেশার পযর্টকদের উচ্ছাসে মুখরিত। দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকেরা পরিবার-পরিজন নিয়ে কক্সবাজার ছুটে এসেছেন। কেউ সাগরের নোনাজলে ঝাঁপিয়ে পড়ছেন, কেউবা বালুচরে ছবি তোলা বা খেলায় মেতে উঠছেন। পড়ন্ত বিকেলে সাগরের টেউয়ের তালে তালে পর্যটকরা মুখরিত হয়ে পড়ে।ঢাকা থেকে আসা পর্যটক সাজ্জাদ জানান, এবারসহ তৃতীয়বার পরিবার নিয়ে কক্সবাজার আসা। সৈকতের প্রাণচাঞ্চল্য, কোলাহল আর প্রাকৃতিক পরিবেশ দেখে আনন্দ আরও বেড়ে গেছে।আরেক পর্যটক শহীদ জানান, কক্সবাজার এমন একটি স্থান, যেখানে বারবার এলেও নতুন মনে হয়। বিচ বাইক ও ঘোড়ায় চড়াসহ সব মিলিয়ে চমৎকার সময় কেটেছে দুইদিন।এক পর্যটক বলেন, মেরিন ড্রাইভ, হিমছড়ি, ইনানী, সাফারী পার্কের মতো পর্যটন স্পটসমুহ অনেক সুন্দর। ঘুরেফিরে সময় কাটানোর চমৎকার পরিবেশ।এক ফটোগ্রাফার বলেন, পূর্বেকার দিনে ছবির ব্যবসা ভাল হতো। এখন হরেক রকমের দামী মোবাইলে ছবি ধারন করেন দূরদূরান্ত থেকে আসা পর্যটকরা।শহরের বিভিন্ন হোটেল, মোটেল, রিসোর্ট, গেস্টহাউস ও কটেজের কক্ষ বুকিং হচ্ছে অল্প সল্প। শীতে এখনো পুরোপুরি পর্যটকরা আসা শুরু করেননি। তবে হোটেল-রেস্তোরাঁ, বিনোদন কেন্দ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রস্তুতি নিয়ে রেখেছে।পর্যটকের সার্বিক নিরাপত্তায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।
