
এম আবু হেনা সাগর, ঈদগাঁও:-দক্ষিণ চট্টলার বৃহৎ বানিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারে বড় বড় মালবাহী পরিবহন প্রবেশে নেই কোন প্রকার নিয়মনীতি। যার কারনে বাজার কেন্দ্রীক বিভিন্ন পয়েন্টে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে প্রায় প্রতিদিনই। দেখা যায়, কক্সবাজারের ঈদগাঁও বাজারে প্রধান ডিসি সড়কটি সংকীর্ণ বললে চলে। সড়কের দু-পাশের দোকানদারেরা লম্বা সিড়ি বের করে রেখেছে। তার মাঝে চলাচলের জন্য নির্মিত ড্রেনের উপর নানা স্থানে দোকানের মালামাল রাখায় চলাফেরায় হিমশিম খাচ্ছে সাধারন মানুষ। সংকীর্ণ ডিসি সড়কে নিয়মনীতি ছাড়াই যখন তখন প্রবেশ করছে বড় বড় মালবাহী পরিবহন। সরেজমিনে আরো দেখা যায়, মালবাহী বড় পরিবহন বাজারে প্রবেশ করলে বের হতে প্রায় ঘন্টারও বেশি সময় লেগে যায়। এমনি অবস্থায় বাজারে আগত টমটম, মিশুক সিএনজিসহ নানান যানবাহন চলাচলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। এসব দেখার যেন কেউ নেই।। যার কারনে ঈদগাঁও বাজারের ডিসি সড়কসহ নানা উপসড়কে তীব্র যানজটের সৃষ্টি হতে থাকে প্রায়শ। ভোগান্তিতে পড়ছেন পথচারী, চাকরীজিবী, ব্যবসায়ী, ছাত্র-ছাত্রীসহ জরুরী কাজকর্মে যাওয়া লোকজন।গতকাল বিকেলে ঈদগাঁওর পূবানী হোটেল সংলগ্ন পয়েন্টে মালবাহী বড় গাড়ীর কারনে দীর্ঘলাইন যানজটের দৃশ্য চোখে পড়ে। ঠিক একইভাবে বাজারের দক্ষিণ অংশে ভূমি অফিস সংলগ্ন এলাকায় প্রায় প্রতিদিনই ডিসি সড়কের একপাশে বড় গাড়ী দাঁড় করিয়ে রেখে দোকানের মালমাল আনলোড করে থাকেন। যাতে একের পর এক যানজট লেগে যায়। কজন পথচারী জানান, একদিকে মাত্রাতিরিক্ত হারে বেড়ে গেছে তিনচাকার যানবাহন। অন্যদিকে মালবাহী বড় বড় পরিবহন প্রবেশের কারনে যানজটের সৃষ্টি বিভিন্ন পয়েন্টে। যাতে করে, জনভোগান্তির কবলে পড়েন নানা শ্রেনীপেশার মানুষ।তাহেরসহ কজন চালক জানান, ঈদগাঁও বাজারে মালবাহী বড় গাড়ী ঢুকার একটা নিয়মনীতি থাকা দরকার। নিয়ম না থাকায় চরম ভোগান্তিতে পড়েন স্কুল-মাদ্রাসা ও কলেজের শিক্ষাথী, অসুস্থ রোগীসহ পথচারীরা। নিদিষ্ট পরিকল্পনা না থাকায় বাজার কেন্দ্রীক ছোট ছোট সমস্যা সৃষ্টি হচ্ছে। বাজার এলাকাকে যানজট মুক্ত রাখায় সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট জোর দাবী সচেতন মহলের। ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদ সদস্য সচীব শওকত আলম জানান, প্রশাসনিক বাঁধার কারনে বাজারে মালবাহী বড় পরিবহন প্রবেশের নিয়মনীতি করা সম্ভব হয়নি এখনো। ঈদগাঁও বাজার ভূমি মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মমতাজ উদ্দিন আহমেদ মহসিন জানান, বাজার কেন্দ্রীক মালবাহী বড় বড় পরিবহন সকাল ৮ থেকে রাত ৮টা পযন্ত মালামাল লোড আনলোড না করলে হয়তো বাজার এলাকা যানজটমুক্ত রাখা সম্ভব বলে মনে করেন তিনি। এ বিষয়ে একটি নিয়মনীতি চালু করা দরকার। ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী জানান, ঈদগাঁওয়ের ডিসি সড়ক যানজটমুক্ত রাখা চাই। ব্যবসায়ীদের বারবার দৃষ্টি আকর্ষন করার পরও তারা সাড়া দেয়নি। তারা আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখায়। এ বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে অবগত করা হবে। এ ব্যাপারে মাইকিং ও করা হয়েছিল বাজার এলাকায়।
