
খানজাহান আলী থানা নিজস্ব প্রতিনিধি:
খুলনা বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী হল রোডের একটি মেসে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আজমুল হোসেনের মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, খুলনা মহানগর কমিটি।
সংগঠনের মহানগর কমিটির সভাপতি গাজী আলাউদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক সরদার আবু তাহের এক বিবৃতিতে এ উদ্বেগ জানান।বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আজমুল হোসেনের মৃত্যুর সঙ্গে যারাই জড়িত থাকুক, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। তারা বলেন, একজন শিক্ষার্থীকে বিচারবহির্ভূতভাবে হত্যা কোনো অবস্থাতেই সমর্থনযোগ্য নয়।তারা আরও বলেন, প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত হতে হবে নিরপেক্ষ ও তথ্য-প্রমাণভিত্তিক। একই সঙ্গে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানি বা মিথ্যা মামলার শিকার না হন, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে হবে।মানবাধিকার নেতৃবৃন্দ বলেন, দায়ীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হলে শোকাহত পরিবার কিছুটা হলেও স্বস্তি পাবে। পাশাপাশি এ ধরনের ঘটনার সুষ্ঠু বিচার আইনের শাসন প্রতিষ্ঠা ও জনমনে আস্থা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনের তৎপরতা বাড়ানো এবং মাঠপর্যায়ে গোয়েন্দা কার্যক্রম আরও জোরদারের আহ্বান জানান তারা। অপরাধীরা যাতে বেপরোয়া হয়ে উঠতে না পারে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি না হয়, সেজন্য কার্যকর পদক্ষেপ নেওয়ারও দাবি জানান।নেতৃবৃন্দ শিক্ষার্থী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে আজমুল হোসেনের মৃত্যুর ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জনসম্মুখে তুলে ধরার দাবি জানান তারা।
