খুলনা, বাংলাদেশ | ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে রঘুনাথপুর ইউনিয়নে প্রস্তুতি সভা
  ডুমুরিয়ার ১৮ মাইল বাজারে এমপি লবি ও তার সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
  খর্নিয়া হাইস্কুলে সাবেক ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত
  কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
  খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে KU Insiders-এর টানা ৩য় বারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত:
  খুলনায় মাদক ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে জোড়া খুন, গ্রেপ্তার ৩
  জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত মন্ত্রীদের শ্রদ্ধা
  ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
  মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন হাজীগঞ্জের জুম্মান

সরকারি হাসপাতালে চিকিৎসা, রোগ নির্ণয়ে রোগীদের যেতে হচ্ছে বেসরকারি ক্লিনিকে

[ccfic]

এস এম দেলোয়ার হোসেন,বিশেষ প্রতিনিধি খুলনা

হাসপাতাল আছে, চিকিৎসকও আছেন-কিন্তু নেই প্রয়োজনীয় যন্ত্রপাতির কার্যকর ব্যবহার। কোথাও এক্স-রে, কোথাও আলট্রাসনোগ্রাম, আবার কোথাও ইসিজি বা অ্যানেসথেশিয়া মেশিন পড়ে আছে দীর্ঘদিন ধরে অচল। এর সাথে রয়েছে চিকিৎসক, নার্স ও টেকনোলজিস্টসহ জনবল সংকট। ফলে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের অনেককেই রোগ নির্ণয়ের জন্য ছুটতে হচ্ছে বেসরকারি ক্লিনিকে, বাড়ছে ভোগান্তি ও অতিরিক্ত খরচ।খুলনার নয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘিরে এমন চিত্রই উঠে এসেছে। জেলার প্রত্যন্ত এলাকার স্বল্প আয়ের মানুষের কাছে এসব হাসপাতালই ছিল কম খরচে চিকিৎসার প্রধান আশ্রয়। কিন্তু সেখানে চিকিৎসার গুরুত্বপূর্ণ ধাপ রোগ নির্ণয় যখনই থমকে যাচ্ছে, তখন সরকারি হাসপাতালের ওপর নির্ভরশীল মানুষকে বাড়তি টাকা খরচ করে ছুটতে হচ্ছে বাইরে।মা-বাবার ছায়াহীন আবু বক্করের শৈশব কাটছে থ্যালাসেমিয়ার যন্ত্রণায় খুলনা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, জেলার নয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট অনুমোদিত পদ ১ হাজার ৭৭৭টি। এর মধ্যে ৭৫৮টি পদই শূন্য। অর্থাৎ প্রায় অর্ধেক জনবল ছাড়াই চলছে উপজেলা পর্যায়ের এই চিকিৎসাব্যবস্থা।সবচেয়ে বেশি জনবল ঘাটতি পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে ২৫০টি পদের মধ্যে ১২৪টি পদ শূন্য। দাকোপে ২১৪ পদের ৮৭টি, বটিয়াঘাটায় ১৪২ পদের ৫৬টি, রূপসায় ১৭২ পদের ৭৬টি, তেরখাদায় ১৭৫ পদের ৮৪টি, দিঘলিয়ায় ১৮৩ পদের ৭৩টি, ফুলতায় ১৬২ পদের ৪৯টি, ডুমুরিয়ায় ২৭৮ পদের ১০৮টি এবং কয়রায় ২০১ পদের ১০১টি পদে লোক নেই।শুধু অনুমোদিত পদ খালি থাকার হিসাবেই সমস্যার শেষ নয়। কোনো কোনো হাসপাতালে কর্মরত চিকিৎসকদের মধ্যেও কেউ প্রেষণে, কেউ অননুমোদিতভাবে অনুপস্থিত, আবার কেউ অন্য প্রতিষ্ঠানে সংযুক্ত রয়েছেন।দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাঁচজন চিকিৎসক অন্যত্র প্রেষণে রয়েছেন। দিঘলিয়ায় একজন চিকিৎসক অননুমোদিতভাবে অনুপস্থিত এবং একজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের হাসপাতালে সংযুক্ত। পাইকগাছা ও তেরখাদায়ও একজন করে চিকিৎসক অননুমোদিতভাবে অনুপস্থিত রয়েছেন।এর পাশাপাশি অধিকাংশ স্বাস্থ্য কমপ্লেক্সেই আবাসিক মেডিকেল অফিসার, অ্যানেসথেশিয়া, সার্জারি, গাইনি, শিশু, চর্ম ও যৌন এবং চক্ষু বিভাগের প্রয়োজনীয় চিকিৎসক নেই। ফলে হাসপাতালের দরজা খোলা থাকলেও সব ধরনের চিকিৎসা পাওয়ার নিশ্চয়তা থাকছে না।পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্রটি সংকটের গভীরতা আরও স্পষ্ট করে। হাসপাতালটির বহির্বিভাগে প্রতিদিন কমপক্ষে ৪০০ রোগী চিকিৎসা নিতে আসেন। ৫০ শয্যার হাসপাতালটিতে অনেক সময় ভর্তি রোগীর সংখ্যা দাঁড়ায় ১২০ থেকে ১৫০ জনে। কিন্তু এই বিপুল রোগীর চিকিৎসা নিশ্চিত করার মতো পর্যাপ্ত চিকিৎসক নেই।পাইকগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ বলেন, ‘মেডিসিন, সার্জারিসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিভাগের মেডিকেল অফিসার পদে কোনো চিকিৎসক না থাকায় সংশ্লিষ্ট রোগীদের চিকিৎসা দেওয়া কঠিন হয়ে পড়ছে।’চিকিৎসক সংকটের পাশাপাশি আরেকটি নীরব সংকট তৈরি করেছে অচল চিকিৎসা সরঞ্জাম। রোগ নির্ণয়ের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি হাসপাতালে থাকলেও সেগুলোর অনেকগুলো দীর্ঘদিন ধরে ব্যবহার করা যাচ্ছে না।সবচেয়ে বেশি অকেজো যন্ত্রপাতি রয়েছে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে অচল হয়ে পড়ে আছে মোট ১৬টি যন্ত্র ও সরঞ্জাম। এর মধ্যে রয়েছে একটি এক্স-রে, দুটি ইসিজি, দুটি আলট্রাসনোগ্রাম, দুটি অ্যানেসথেশিয়া মেশিন, দুটি মাইক্রোস্কোপ, একটি অটোক্লেভ, দুটি ডেন্টাল ইউনিট, একটি ডায়াথারমি মেশিন, দুটি জেনারেটর ও একটি অ্যাম্বুলেন্স।দিঘলিয়ায় অকেজো একটি মাইক্রোস্কোপ, একটি ইসিজি ও একটি অ্যাম্বুলেন্স। তেরখাদায় দুটি অ্যাম্বুলেন্স, একটি এক্স-রে, তিনটি ইসিজি, একটি আলট্রাসনোগ্রাম, একটি অ্যানেসথেশিয়া মেশিন, দুটি ডেন্টাল ইউনিট ও একটি জেনারেটর অচল।অকেজো সরঞ্জামের তালিকা বিশ্লেষণ করলে দেখা যায়, নয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই কোনো না কোনোভাবে ইসিজি, এক্স-রে, আলট্রাসনোগ্রাম ও অ্যানেসথেশিয়া সেবায় সংকট রয়েছে।ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছিলেন রামকৃষ্ণপুর গ্রামের ৬৯ বছর বয়সী ফুলমতি রায়। চিকিৎসক তার ব্যবস্থাপত্রে আলট্রাসনোগ্রাম করার পরামর্শ দেন। কিন্তু হাসপাতালের যন্ত্র চালু না থাকায় পরীক্ষা করাতে তাকে নিয়ে যেতে হয় একটি বেসরকারি ক্লিনিকে।ফুলমতি রায়ের ছেলে পঞ্চরাম বলেন, ‘সরকারি হাসপাতালে পরীক্ষা করানোর সুযোগ না থাকায় তাদের অতিরিক্ত টাকা খরচ হয়েছে। শুধু অর্থ নয়, বৃদ্ধ মাকে নিয়ে হাসপাতাল থেকে দূরের ক্লিনিকে যাতায়াত করতেও ভোগান্তিতে পড়তে হয়েছে।এমন পরিস্থিতিতে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর জন্য হাসপাতালের বাইরে আরেকটি চিকিৎসাকেন্দ্রে যাওয়ার খরচও যেন চিকিৎসারই অংশ হয়ে দাঁড়িয়েছে।উপকূলীয় কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংকট আরও প্রকট। সেখানে বর্তমানে কোনো টেকনিশিয়ান না থাকায় পরীক্ষা-নিরীক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রেজাউল করিম।জরুরি রোগীদের উন্নত চিকিৎসার জন্য প্রায় ১০০ কিলোমিটার দূরে খুলনা শহরে নিতে হয়। কিন্তু হাসপাতালের অ্যাম্বুলেন্স থাকলেও চালক না থাকায় সেটিও নিয়মিত কাজে লাগানো যাচ্ছে না। অর্থাৎ রোগীকে শুধু চিকিৎসার জন্য নয়, রোগ নির্ণয় ও পরিবহনের জন্যও উপজেলা পর্যায়ের বাইরে তাকাতে হচ্ছে। এই বিষয়ে নিরাপদ খুলনা চাই এর সভাপতি সরদার বাদশা বলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওপর সবচেয়ে বেশি নির্ভর করেন গ্রামের দরিদ্র, দিনমজুর ও কৃষক শ্রেণির মানুষ। তাদের অনেকের পক্ষেই জেলা শহরে গিয়ে চিকিৎসা নেওয়া সম্ভব নয়। তিনি বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে যদি প্রয়োজনীয় চিকিৎসক, যন্ত্রপাতি ও জনবল না থাকে, তাহলে সরকারি হাসপাতালে যাওয়ার পরও মানুষকে বেসরকারি প্রতিষ্ঠানে যেতে হচ্ছে। এতে চিকিৎসার খরচ বেড়ে গিয়ে স্বল্প আয়ের মানুষের জন্য পরিস্থিতি আরও কঠিন হচ্ছে।’জনবল সংকটের বিষয়ে খুলনা সিভিল সার্জন মোছা. মাহফুজা বেগম বলেন, ‘প্রয়োজনীয় জনবল নিয়োগের জন্য চেষ্টা চলছে। অচল যন্ত্রপাতির তালিকা তৈরি করে ইতোমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে নির্দেশনা পাওয়া গেলে সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।কিন্তু মাঠের বাস্তবতায় প্রশ্ন থেকে যাচ্ছে যে রোগী আজ হাসপাতালে এসেছেন, তার পরীক্ষা আজই প্রয়োজন; সেই রোগীর জন্য মন্ত্রণালয়ের নির্দেশনার অপেক্ষা কতটা কার্যকর?খুলনার নয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান বলছে, সংকটটি বিচ্ছিন্ন কোনো হাসপাতালের নয়। ১ হাজার ৭৭৭টি পদের মধ্যে ৭৫৮টি শূন্য তার সাথে অচল একের পর এক রোগ নির্ণয়ের যন্ত্র। ফলে হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে আসা মানুষের সামনে তৈরি হচ্ছে এক অদৃশ্য বাধা। হাসপাতাল পর্যন্ত পৌঁছানো গেলেও কাঙ্ক্ষিত সেবা পাওয়ার নিশ্চয়তা নেই।যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো প্রত্যন্ত অঞ্চলের মানুষের শেষ ভরসা হওয়ার কথা, সেখানেই যদি রোগ নির্ণয়ের যন্ত্র নীরব থাকে আর চিকিৎসকের চেয়ার খালি পড়ে থাকে, তাহলে সরকারি চিকিৎসার সুবিধা কাগজে থাকলেও তার বাস্তব সুফল কতটা মানুষের ঘরে পৌঁছাচ্ছে সেই প্রশ্নই এখন বড় হয়ে উঠছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT