
নিজস্ব প্রতিবেদক, খুলনা
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি ও বিশিষ্ট আইনজীবী, অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা। ১৬ জুন ২০২৬, মঙ্গলবার তিনি এ দায়িত্বভার গ্রহণ করেন।দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় নবনিযুক্ত চেয়ারম্যান খুলনাকে একটি আধুনিক, পরিকল্পিত, বাসযোগ্য ও দৃষ্টিনন্দন নগরী হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, “খুলনাকে এমনভাবে সাজানো হবে যেন এ শহরের মানুষ শান্তি ও স্বস্তির সঙ্গে বসবাস করতে পারে এবং একটি সুস্থ পরিবেশে বুক ভরে নিঃশ্বাস নিতে পারে।”অ্যাডভোকেট শফিকুল আলম মনা আরও উল্লেখ করেন, নগর উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, আধুনিক অবকাঠামো নির্মাণ এবং জনকল্যাণমূলক পরিকল্পনার মাধ্যমে খুলনাকে একটি মডেল নগরীতে পরিণত করার লক্ষ্যে তিনি কাজ করে যাবেন।বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রদত্ত এই গুরুত্বপূর্ণ দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য তিনি খুলনাবাসীর আন্তরিক সহযোগিতা, মূল্যবান পরামর্শ ও দোয়া কামনা করেছেন।এদিকে কেডিএ-র নতুন চেয়ারম্যান হিসেবে শফিকুল আলম মনা দায়িত্ব গ্রহণ করায় খুলনার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানানো হয়েছে।
