
রাসেল আহমেদ:
দীর্ঘ প্রতীক্ষার পর জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। তবে নতুন এ কমিটিতে খুলনা মহানগর কিংবা জেলা যুবদলের কোনো নেতার স্থান না হওয়ায় সংগঠনটির তৃণমূল পর্যায়ে হতাশা দেখা দিয়েছে। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এ অঞ্চলের প্রতিনিধিত্ব না থাকায় নেতাকর্মীদের মধ্যে চলছে নানা আলোচনা-সমালোচনা।দলীয় সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় শহর থেকে বেশ কয়েকজন নেতা কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেও খুলনার কেউ পদ পাননি। বিষয়টি নিয়ে স্থানীয় নেতাকর্মীদের একটি বড় অংশ বিস্ময় প্রকাশ করেছেন। তাদের মতে, অতীতে কেন্দ্রীয় যুবদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে খুলনার নেতারা দায়িত্ব পালন করেছেন। ফলে এবারও প্রতিনিধিত্ব থাকবে বলে প্রত্যাশা ছিল।তৃণমূলের নেতাকর্মীরা বলছেন, আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কর্মকাণ্ডে খুলনা সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশেষ করে বিগত রাজনৈতিক সংকট ও কর্মসূচিগুলোতে যুবদলের নেতাকর্মীরা সক্রিয় ছিলেন। সে বিবেচনায় কেন্দ্রীয় কমিটিতে খুলনার কাউকে না দেখায় অনেকেই হতাশ হয়েছেন।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন যুবদল নেতা বলেন, নতুন কমিটি ঘোষণার পর বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা প্রশ্ন তুলছেন—খুলনা থেকে কেন একজন নেতাও স্থান পেলেন না। তবে এ বিষয়ে প্রকাশ্যে কেউ মন্তব্য করতে চাইছেন না।খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক আবদুল আজিজ সুমন বলেন, ‘আমাদের প্রত্যাশা ছিল কেন্দ্রীয় কমিটিতে খুলনার প্রতিনিধি থাকবে। তবে সামনে সংগঠনের আরও কিছু কাঠামো ও দায়িত্ব বণ্টনের সুযোগ রয়েছে। সেখানে খুলনার নেতারা মূল্যায়িত হবেন বলে আশা করছি।’জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েদ বলেন, ‘অতীতে খুলনার অনেক নেতা কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। এবার কেন কেউ স্থান পাননি, সেটি কেন্দ্রীয় নেতৃত্বই ভালো বলতে পারবেন।’মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল বলেন, ‘এ বিষয়ে কেন্দ্রীয় নেতারাই সঠিক ব্যাখ্যা দিতে পারবেন।’ একই ধরনের বক্তব্য দিয়েছেন জেলা যুবদলের সদস্য সচিব নাদিমুজ্জামান জনিও। তিনি বলেন, ‘কমিটি ঘোষণার পর অনেক নেতাকর্মী বিষয়টি নিয়ে জানতে চেয়েছেন। আমরাও কারণ জানি না।’এ বিষয়ে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, খুলনার মতো একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক অঞ্চল থেকে কাউকে কেন্দ্রীয় কমিটিতে স্থান না দেওয়ার বিষয়টি স্বাভাবিকভাবেই নেতাকর্মীদের মধ্যে হতাশার জন্ম দিয়েছে। ভবিষ্যতে সংগঠনের অন্যান্য পর্যায়ের দায়িত্ব বণ্টনের মাধ্যমে এ অসন্তোষ কিছুটা প্রশমিত হতে পারে বলেও তারা মনে করছেন।উল্লেখ্য, সম্প্রতি জাতীয়তাবাদী যুবদলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। তবে সেই কমিটিতে খুলনা মহানগর ও জেলা যুবদলের কোনো নেতার নাম না থাকায় বিষয়টি এখন স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার অন্যতম বিষয়ে পরিণত হয়েছে।
