
দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি
খুলনার দিঘলিয়া উপজেলার দীঘল দ্বীপ এলাকার ৬৪ বছর বয়সী প্রবীণ সাইক্লিস্ট সৈয়দ শাহ্জাহান আবারও প্রমাণ করলেন—ইচ্ছাশক্তি ও আত্মবিশ্বাস থাকলে বয়স কখনো সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না। স্বেচ্ছাসেবীদের কাছে ‘চিরতরুণ’ ও ‘বটগাছ’ নামে পরিচিত এই প্রাণবন্ত মানুষটি সম্প্রতি দুটি দীর্ঘ সাইকেল ভ্রমণ সম্পন্ন করে এলাকায় ব্যাপক প্রশংসা অর্জন করেছেন।জানা যায়, গত ১৯ মে তিনি দিঘলিয়ার দীঘল দ্বীপ থেকে সাইকেল চালিয়ে ফরিদপুরের ভাঙ্গার উদ্দেশ্যে যাত্রা করেন এবং ২০ মে বাড়ি ফেরেন। এ সফরে তিনি যাওয়া-আসাসহ প্রায় ২৫০ কিলোমিটার পথ অতিক্রম করেন।এরপর গত ২ জুন তিনি দেশের অন্যতম পর্যটনকেন্দ্র কুয়াকাটার উদ্দেশ্যে সাইকেল নিয়ে রওনা দেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে ৩ জুন তিনি বাড়ি ফেরেন। এই সফরে যাওয়া-আসাসহ প্রায় ৫০০ কিলোমিটার পথ সাইকেল চালিয়ে তিনি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। স্থানীয়দের মতে, এই বয়সে এত দীর্ঘ দূরত্ব সাইকেলে অতিক্রম করা অত্যন্ত বিরল এবং অনুপ্রেরণাদায়ক।তাঁর এই অসাধারণ অর্জনকে সম্মান জানিয়ে খুলনাঞ্চলের পরিবেশবাদী ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘আলোর মিছিল’ গত ৪ জুন বিশেষ সংবর্ধনার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজদিকা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ আনিসুর রহমান। তিনি সৈয়দ শাহ্জাহানের হাতে ‘বেস্ট সাইক্লিস্ট অ্যাওয়ার্ড’ তুলে দেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা জিএম আকরাম, ওবায়েদ মিলন, শেখ আল-মামুন, শেখ মমতাজ শিরীণ ময়না ও শেখ শামীমুল ইসলাম। এছাড়া সংগঠনের সভাপতি শেখ তারেকসহ এনামুল শেখ, শেখ রবিউল ইসলাম রাজিব, সজল কুমার বিশ্বাস, মো. আকিব হোসেন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, সৈয়দ শাহ্জাহানের এই সাহসিকতা, অধ্যবসায় ও সুস্থ জীবনচর্চা নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় উদাহরণ। তাঁর এ উদ্যোগ সমাজে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, পরিবেশবান্ধব যাতায়াত এবং ইতিবাচক জীবনধারা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
