
পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি:চারুপীঠ একাডেমীর উদ্যোগে শহরের শহীদ দৌলত বিশ্বাস চত্বরে বর্ষবরণ উপলক্ষে প্রভাতী অনুষ্ঠানের আয়োজন করা হয়। গান, কবিতা, নৃত্য, আবৃত্তি ও বাঙালির চিরায়ত সংস্কৃতির নানা অনুষঙ্গের মধ্য দিয়ে জাঁকজমকপূর্ণভাবে বাংলা নববর্ষকে বরণ করে নিয়েছে চারুপীঠ একাডেমি। বর্ণিল বৈশাখী শোভাযাত্রা, প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনা এবং মিষ্টিমুখের আয়োজনে এ উৎসব পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।মঙ্গলবার (১৪ এপ্রিল-২৬) পহেলা বৈশাখ সকালে শহরের শহীদ দৌলত বিশ্বাস চত্বরে আয়োজিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, বাংলা একাডেমি’র আজীবন সদস্য, বাংলাদেশ সাহিত্য সেবা সংসদ (বাসাসেস)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট কবি ও লেখক মুহম্মদ শফি।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, চারুপীঠ একাডেমির সভাপতি, সহকারী অধ্যাপক, প্রখ্যাত লেখক তাপস মজুমদার। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়।অনুষ্ঠানে চারুপীঠ একাডেমির নির্বাহী পরিচালক উৎপল দে স্বাগত বক্তব্য রাখেনতিনি বাংলা নববর্ষের ঐতিহ্য, সংস্কৃতি ও গুরুত্ব তুলে ধরে বলেন, “বাঙালির শেকড়ের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করাতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তার প্রাণবন্ত বক্তব্যে উপস্থিত দর্শক-শ্রোতারা উচ্ছ্বসিত হয়ে ওঠেন।পুরো আয়োজনের সার্বিক পরিকল্পনা, তত্ত্বাবধান ও সফল বাস্তবায়নে পরিচালক উৎপল দে-এর ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয়। তার দূরদর্শী নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা ও অক্লান্ত পরিশ্রমে অনুষ্ঠানটি প্রানবন্ত হয়ে উঠে। উপস্থিত অতিথিবৃন্দও বারবার পরিচালক উৎপল দে-এর উদ্যোগ ও সৃজনশীলতার ভূয়সী প্রশংসা করেন। বলা যায়, পরিচালক উৎপল দে-এর নেতৃত্বেই চারুপীঠ একাডেমির এ আয়োজন হয়ে উঠেছে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয়।সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর জামায়াতের আমির প্রভাষক জাকির হোসেন, বাংলাদেশ সাহিত্য সেবা সংসদের সাধারণ সম্পাদক বিশিষ্ঠ সাংবাদিক মোতাহার হোসাইন, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী সম্রাট হোসেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিরাজ বিশ্বাস। তারা সবাই এ ধরনের সাংস্কৃতিক আয়োজনকে সমাজ গঠনে গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন।এছাড়াও উপস্থিত ছিলেন কেশবপুর থানা প্রেস ক্লাবের সভাপতি একে আজাদ ইখতিয়ার, সাধারণ সম্পাদক মুস্তাফিজুর মিন্টু, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ্জ জামান খান।শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন পহেলা বৈশাখ উদযাপন কমিটির আহবায়ক শামীম আক্তার মুকুল, সদস্য সচিব মঞ্জুরুল হোসেন ডাবলু ও চারুপীঠ একাডেমির সহ-সভাপতি মানব মন্ডল।অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল চারুপীঠ একাডেমির শিক্ষার্থীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। ছোট ছোট শিক্ষার্থীদের গান, নৃত্য ও কবিতা আবৃত্তি উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। তাদের পরিবেশনায় ফুটে ওঠে গ্রামীণ বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও নববর্ষের আবহ।সাংস্কৃতিক পর্ব শেষে মিষ্টিমুখের আয়োজন করা হয়।এর পর পহেলা বৈশাখ উদযাপন কমিটির আহবায়ক শামীম আক্তার মুকুল ও সদস্য সচিব মঞ্জুরুল হোসেন ডাবলু-এর নেতৃত্বে শহরজুড়ে বের করা হয় এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। শোভাযাত্রায় নানা রঙের ফেস্টুন, ব্যানার, মুখোশ ও ঐতিহ্যবাহী সাজসজ্জা ছিল চোখে পড়ার মতো। আনন্দমুখর পরিবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি কেশবপুর পাবলিক ময়দানে যেয়ে উপজেলা ব্যাপী অনুষ্ঠানের সাথে যুক্ত হয়।
