
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সাথে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (১২ এপ্রিল) ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনের মুক্তিযোদ্ধা হলে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির প্রতিষ্ঠাতা আহ্বায়ক নাহিদ ইসলাম।অনুষ্ঠানে ১১ দলীয় ঐক্যের অন্তর্ভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। পাশাপাশি উপস্থিত ছিলেন আহত জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা।বক্তারা জুলাইয়ের আন্দোলনে শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং আহতদের দ্রুত পুনর্বাসন ও শহীদ পরিবারগুলোর সার্বিক সহযোগিতা নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় জুলাইয়ের আত্মত্যাগ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।সভায় শহীদ পরিবার ও যোদ্ধাদের বিভিন্ন সমস্যা, দাবি ও প্রত্যাশার বিষয় তুলে ধরা হয় এবং সেগুলো বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
