
রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডলের পক্ষে ব্যাপক জনসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) বিকেলে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার নাশুয়াখালি ও মাদ্রাসা ঘাট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। কপিল কৃষ্ণ মন্ডলের নির্বাচনী প্রচারণায় দায়িত্বপ্রাপ্ত ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দের নেতৃত্বে মোল্লাহাট উপজেলা ছাত্রদল, কলেজ ছাত্রদল ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা এতে অংশ নেন।
কর্মসূচিতে নেতৃত্ব দেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ পাঠাগার বিষয়ক সম্পাদক আনিচুর রহমান আনিচ। তিনি স্থানীয় ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বাগেরহাট-১ আসনের নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত সহ-সাধারণ সম্পাদক সোহাগ মোল্লা প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে কপিল কৃষ্ণ মন্ডলকে বিজয়ী করতে তারা সাধারণ মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন।
নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, জনগণের ব্যাপক সাড়া ও সমর্থনের মাধ্যমে ধানের শীষ প্রতীক বিজয়ী হবে।
