
নিজেস্ব প্রতিনিধি সাদিয়া আক্তার :রাজধানীর বাজারে শীতকালীন সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় সবজির দাম কিছুটা কমেছে। গত সপ্তাহের তুলনায় শিম, মুলা, ফুলকপি, বাঁধাকপি, লাউসহ বিভিন্ন শীতকালীন সবজির দাম কমে ৫০-১৪০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হওয়ায় বাজারে সবজির সরবরাহ বেড়েছে।ক্রেতারা জানান, নতুন শীতকালীন সবজির দাম একটু বেশি হলেও আগের তুলনায় কম হওয়ায় ক্রয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন। এ সময় লম্বা বেগুণ ৮০-৯০ টাকা, গোল বেগুণ ১০০-১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চিচিঙ্গা, করলা, ঝিঙ্গা, ধুন্দল, পটল ৬০-৮০ টাকার মধ্যে এবং পেপে ৩০-৩৫ টাকায় পাওয়া যাচ্ছে। আলু ২৫-৩০ টাকার মধ্যে, পেঁয়াজ ৬০-৮০ টাকায় বিক্রি হচ্ছে।ডিমের দামেরও সামান্য হ্রাস দেখা গেছে। কয়েকদিন আগে প্রতি ডজন ১৫০ টাকায় বিক্রি হওয়া ফার্মের মুরগির ডিম এখন ১৪০ টাকায় পাওয়া যাচ্ছে। ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৭০-১৮০ টাকা, সোনালি মুরগি ২৮০-৩০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।তবে তেল, চিনি ও লবণের দামে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি। বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে অন্যান্য সবজির দামের ধীরে ধীরে হ্রাস আশা করা হচ্ছে।
