
নিজস্ব প্রতিনিধি সাদিয়া আক্তার :বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) ঘোষণার পর আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ক্লাসে ফিরে যাবেন বলে আশা প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।রোববার (১৯ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় সবসময় শিক্ষকদের স্বার্থ সমুন্নত রাখতে চেষ্টা করেছে। এবং সেই ধারাবাহিকতায় বাড়িভাড়া সংক্রান্ত যে অগ্রগতি হয়েছে, সেটা আমাদের প্রচেষ্টার ফল।’তিনি আরও বলেন, ‘আমরা মনে করি শিক্ষক সমাজের আরও পাওনা আছে, তবে বর্তমান সীমাবদ্ধতার কারণে যে সিদ্ধান্ত হয়েছে, তা যথাসম্ভব ন্যায্য। অর্থ মন্ত্রণালয় বরাদ্দ দিয়েছে, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি।’উপদেষ্টা বলেন, ‘আমি মনে করি এখন আন্দোলনরত শিক্ষকরা শ্রেণিকক্ষে ফিরে যাবেন। অনেক জায়গাতেই শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে, বাকিরাও ফিরে আসবেন বলে আশা করছি।’এদিকে আমরণ অনশনে থাকা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা ৫ শতাংশ হারে দিতে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। রোববার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের এক আদেশে জানানো হয়, বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) করা হয়েছে। আদেশটি নভেম্বর মাস থেকে কার্যকর হবে।তবে শিক্ষকরা ৫ শতাংশ হারে বাড়িভাড়ার এই আদেশ প্রত্যাখ্যান করে অনশনসহ সব ধরনের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
