
নিজস্ব প্রতিনিধি সাদিয়া আক্তার :দুই মৌসুমি ঝড় ‘প্রিসিলা’ ও ‘রেমন্ড’-এর আঘাত এবং ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মেক্সিকোতে অন্তত ৪৪ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও ২৭ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।রোববার দেশটির কেন্দ্রীয় দুর্যোগ মোকাবিলা দপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।বিবৃতিতে বলা হয়েছে, ঝড়-বৃষ্টি ও ভূমিধসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভেরাক্রুজ রাজ্য, যেখানে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া হিদালাগো রাজ্যে নিহত হয়েছেন ১৬ জন, পুয়েবলা ও কুয়েরেতারো রাজ্যে যথাক্রমে ৯ ও ১ জন করে নিহত হয়েছেন।আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, ৬ থেকে ৯ অক্টোবর পর্যন্ত মেক্সিকো জুড়ে ভারী বর্ষণ হয়েছে। শুধুমাত্র ভেরাক্রুজেই তিন দিনে ৫৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।ঝড়-বৃষ্টির তেজ কমে আসার পর উদ্ধার তৎপরতায় নামে সেনাবাহিনী ও দুর্যোগ মোকাবিলা সংস্থাগুলো। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবল বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়েছে, বহু এলাকায় ঘরবাড়ি ধসে পড়েছে।এ দুর্যোগে মেক্সিকোর ৫৫টি শহরে প্রায় ১৬ হাজার বাড়িঘর ধ্বংস হয়েছে এবং ৩ লাখ ২০ হাজারেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন।মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাম এক বিবৃতিতে জানিয়েছেন, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সমন্বয়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলছে। ক্ষতিগ্রস্ত সবাইকে সহায়তা করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন।
