
নিজস্ব প্রতিনিধি সাদিয়া আক্তার :বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করেন, প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে ভোট হলে জনগণের প্রতিনিধি নির্বাচনের ক্ষমতা হ্রাস পাবে। তিনি বলেন, ওই পদ্ধতিতে জনগণ নয়, রাজনৈতিক দলই ঠিক করবে কে হবে প্রতিনিধি।সোমবার (১৩ অক্টোবর) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশ খ্রিষ্টান ফোরামের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। ফখরুল বলেন, হঠাৎ করে পিআর পদ্ধতির দাবি সামনে আনা এবং আন্দোলন করা যারা দ্রুত নির্বাচন চান, তাদের কাছে স্পষ্ট নয়। বিষয়টি আগামী সংসদের ওপর ছেড়ে দিতে হবে।বিএনপি মহাসচিব আরও জানান, তার দল ক্ষমতায় এলে সংসদের উচ্চকক্ষে সব সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে এবং চার কোটি বেকারের সমস্যা সমাধানকে অগ্রাধিকার দেওয়া হবে। তিনি বলেন, আগামী নির্বাচনে জনগণ আবারও প্রমাণ করবে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র।
