
জি,এম,ফিরোজ, ডুমুরিয়া। প্রকাশ্য দিবালোকে চায়ের দোকানে ঢুকে গুলি করে বিএনপি নেতার ছেলে শেখ তরিকুল ইসলামকে হত্যার ঘটনায় একের পর এক আটক ও গ্রেপ্তার চললেও এখনো অধরা মূল হত্যাকারীরা! এবার গভীর রাতে নিজ বাড়ি থেকে সুমন মণ্ডল (৩৫) ও ভিম মণ্ডল (২৫) নামে আরও দুইজনকে আটক করেছে ডুমুরিয়া থানা পুলিশ। তবে হত্যাকাণ্ডে তাঁদের সম্পৃক্ততা এখনো নিশ্চিত হয়নি।রোববার (৮ নভেম্বর) গভীর রাতে তাঁদের আটক করা হয়। সুমন মণ্ডল হরে কৃষ্ণ মণ্ডলের ছেলে এবং ভিম মণ্ডল অনাদি মণ্ডলের ছেলে। পুলিশের দাবি, তাঁরা দীর্ঘদিন তরিকুলের সঙ্গে চলাফেরা করতেন। স্থানীয়দের অভিযোগ, তাঁদের মাদক সংশ্লিষ্টতাও রয়েছে ডুমুরিয়া এসআই অসীম বিশ্বাস বলেন, “তরিকুল হত্যার বিষয়ে তথ্য উদ্ধারের জন্য তাঁদের আটক করা হয়েছে। হত্যার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।এদিকে গত শুক্রবার থুকড়া আলিয়া মাদ্রাসা মাঠে খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলী আজগর লবি প্রশাসনকে সাত দিনের মধ্যে হত্যার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দেন। সেই সময় থেকে প্রায় পাঁচ দিন পার হলেও মূল হত্যাকারীরা এখনো ধরাছোঁয়ার বাইরে।তরিকুলের বাবা, ১২ নম্বর রংপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুল সালাম বলেন, “আমার ছেলেকে যারা হত্যা করেছে, তাদের বিচারের দাবি জানাচ্ছিউল্লেখ্য, গত ৫ নভেম্বর দুপুরে রামকৃষ্ণপুর-আনছারাবাদ সড়কের একটি চায়ের দোকানে ঢুকে মুখোশ ও হেলমেট পরা দুই দুর্বৃত্ত গুলি করে তরিকুলকে হত্যা করে। এ ঘটনায় তাঁর স্ত্রী রিম্পা শেখের করা মামলায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫-৬ জনকে আসামি করা হয়েছে। এর আগে রাতুল গাজী ও সজল বিশ্বাসকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।এখন পরিবারের একটাই অপেক্ষা কবে ধরা পড়বে প্রকৃত খুনি, উন্মোচিত হবে হত্যার নেপথ্যের রহস্য?
