
স্টাফ রিপোর্টার, খুলনা: ডুমুরিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বিএনপি নেতার ৩ বিঘা জমির তরমুজ কেটে সাবাড় করে দিয়েছে প্রতিপক্ষ। এতে ঐ কৃষকের প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান । উপায়ন্ত না পেয়ে থানা পুলিশের দ্বারস্থ হয়েছেন ক্ষতিগ্রস্ত ওই নেতা। গতকাল বুধবার সকালে উপজেলার হাজিবুনিয়া বিলে এ ঘটনা ঘটে। থানায় দায়েরকৃত অভিযোগ ও ক্ষতিগ্রস্ত নেতার সাথে কথা বলে জানা যায়, উপজেলার শরাফপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মৃত আঃ খালেক গাজীর ছেলে হাফিজ গাজী হাজিবুনিয়া বিলে নিজস্ব ৩ বিঘা জমিতে চলতি বছর তরমুজ চাষ করেছেন। গত শুক্রবার স্থানীয় সিদ্দিক, ইলিয়াস, মোসাব্বির, শফিকুল সহ কয়েকজন প্রভাব বিস্তার করে পাশ্ববর্তী দরিদ্র কৃষক শহিদুল গাজীর ধান ক্ষেত গরু, ছাগল দিয়ে বিনষ্ট করে দেয়।এ ঘটনার কারণ ও প্রতিবাদ করেন ওই বিএনপি নেতা। এতে তারা তার উপর ক্ষিপ্ত হয় এবং তার তরমুজ ক্ষেত বিনষ্টের হুমকি দেয়।তারই জের ধরে ঘটনার দিন সকালে প্রতিপক্ষ তার ক্ষেতে থাকা ৩/৪ কেজি ওজনের সকল তরমুজ কেটে সাবাড় করে দেয় বলে তিনি জানান। এতে তার আড়াই লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি অভিযোগে উল্লেখ করেছেন। ঘটনা প্রসঙ্গে অভিযোগ তদন্তকারী কর্মকর্তা এসআই নিয়াজ মাহমুদ বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
