
কয়রা উপজেলা প্রতিনিধি বিএম আলামিন ইসলাম
খুলনার কয়রা উপজেলায় সার বিক্রয় রেজিস্টারে সঠিক ভাবে লিপিবদ্ধ না থাকায় খুলনার কয়রা উপজেলার দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে কয়রা বাজার ও হায়াতখালী বাজারসংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম শ্রাবনী বিশ্বাস। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমার ঘোষ উপস্থিত ছিলেন।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সার বিক্রয় রেজিস্টারে সঠিক ভাবে লিপিবদ্ধ না করায় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২ ধারা লঙ্ঘনের অভিযোগে উপজেলা সদরের মিলন কৃষি বিতানের মালিক মিলন কুমার মন্ডলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।অপরদিকে হায়াতখালী বাজারের রিজিয়া ষ্টোরের মালিক কামরুল ইসলামকে একই অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।উপজেলা কৃষি কর্মকর্তা তিলোক কুমার ঘোষ বলেন,কৃষকদের জন্য নির্ধারিত সার যথাযথভাবে বাজারজাত ও বিতরণ নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে। সারের সরবরাহ ও বাজার ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
