
ডেস্ক :
খুলনা নগরীর টুটপাড়া পুলিশ ফাঁড়ি এলাকায় মো. মাসুদ শেখ (৪৫) গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে খুলনা সদর থানা পুলিশ। এ সময় গ্রেপ্তার খান কুব্বাত আলীর হেফাজত থেকে তিনটি বিদেশি পিস্তল, ছয়টি ম্যাগাজিন, আট রাউন্ড তাজা গুলি এবং দেশীয় বিভিন্ন ধরনের অস্ত্রসহ গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে।বুধবার (২৬ আগস্ট) বেলা আনুমানিক ১১টা ২০ মিনিটের দিকে খুলনা সদর থানাধীন টুটপাড়া পুলিশ ফাঁড়ি এলাকায় অজ্ঞাতনামা ব্যক্তিরা মাসুদ শেখকে লক্ষ্য করে গুলি করে। এতে তিনি গুলিবিদ্ধ হন।ঘটনার পরপরই গুলির ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে খুলনা সদর থানা পুলিশ। পুলিশ ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় তথ্য সংগ্রহ এবং বিভিন্ন সূত্র যাচাই করে ধারাবাহিক অভিযান পরিচালনা করে।পুলিশ জানায়, একই দিন বিকেল ৪টা ৩৫ মিনিটের দিকে খুলনা সদর থানা পুলিশ জানতে পারে, থানাধীন দারোগাপাড়া মহিউদ্দিন লেনের ৪৪/৪ নম্বর হোল্ডিংয়ের একটি চারতলা ভবনের দ্বিতীয় তলার মাঝের ফ্ল্যাটে গুলির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে।অভিযানে গুলির ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে খান কুব্বাত আলী (৬০)কে গ্রেপ্তার করা হয়। একই ঘটনায় জড়িত থাকার সন্দেহে মোছা. সামছুন নাহার (৫০), কেএম আবির হাসান (২৪) ও রফিকুল ইসলাম টুকু (৬১)কে গ্রেপ্তার করা হয়।অভিযানে খান কুব্বাত আলীর হেফাজত থেকে উদ্ধার করা হয়—তিনটি বিদেশি পিস্তল, ছয়টি ম্যাগাজিন ও আট রাউন্ড তাজা গুলি। এছাড়া দুটি চাইনিজ কুড়াল, একটি চাপাতি, একটি লোহার তৈরি রামদা, একটি ইলেকট্রিক শক স্টান গান, কাঠের বাটযুক্ত একটি ছোরা এবং একটি পিতলের তৈরি রড উদ্ধার করা হয়েছে।উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির ঘটনায় খুলনা সদর থানায় অস্ত্র আইনে পৃথক মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।খুলনা মহানগর পুলিশ জানিয়েছে, অপরাধ যতই পরিকল্পিত হোক কিংবা অপরাধীরা যতই সংঘবদ্ধ হোক, তাদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে। জননিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠায় খুলনা মহানগর পুলিশের কার্যক্রম চলমান থাকবে।
