
মোল্লা জাহাঙ্গীর আলম :
খুলনার দিঘলিয়া উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহতের ঘটনায় দায়ের হওয়া মামলায় অভিযুক্ত ট্রাকচালককে গ্রেফতার করেছে র্যাব-৬।র্যাব-৬ জানায়, শনিবার রাতে র্যাব-৬-এর সিপিএসসি ও ঝিনাইদহ ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার নলডাঙা এলাকায় অভিযান চালিয়ে ট্রাকচালক তরিকুল ইসলামকে (৪৬) গ্রেফতার করে। তিনি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বাসিন্দা।র্যাব জানায়, গত ৩১ জুলাই রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের ডোমরা দক্ষিণ গ্রামের পাকা সড়কে একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে মোটরসাইকেল চালক সিহাব শেখ (২৪) গুরুতর আহত হন। ঘটনাস্থলেই নিহত হন সিহাবের স্ত্রী ফারজানা খাতুন (২২), শ্যালিকা রুবিয়া খাতুন (১৬) এবং দুই বছর বয়সী কন্যাশিশু মায়মুনা।দুর্ঘটনার পর ট্রাকচালক ও তার সহকারী ট্রাক ফেলে পালিয়ে গেলে বিক্ষুব্ধ স্থানীয়রা ট্রাকটিতে অগ্নিসংযোগ করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে পুলিশ হেফাজতে নেয়।র্যাব আরও জানায়, নিহতদের ঘটনায় দায়ের করা মামলার তদন্তের অংশ হিসেবে অভিযান চালিয়ে অভিযুক্ত ট্রাকচালককে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ঝিনাইদহের কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
