
ডেস্ক :
খুলনায় ফজরের নামাজরত অবস্থায় মসজিদের ভেতরে এক মুসল্লিকে গুলি করার ঘটনায় নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। রোববার ভোরে দৌলতপুর এলাকার ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) জামে মসজিদে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের নামাজ চলাকালে হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত মসজিদে প্রবেশ করে লোকমান নামের এক মুসল্লিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি গুরুতর আহত হন। গুলির শব্দে মসজিদে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই হামলাকারীরা দ্রুত এলাকা ত্যাগ করে।পরে স্থানীয়রা আহত লোকমানকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং তদন্ত শুরু করে। তবে হামলার কারণ ও জড়িতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।মসজিদের মতো পবিত্র স্থানে নামাজরত অবস্থায় গুলির ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দ্রুত হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে নগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও নানা মহলে প্রশ্ন দেখা দিয়েছে।পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
