
মাদারীপুর জেলা প্রতিনিধি
মাদারীপুরের ডাসার উপজেলায় অপসাংবাদিকতা ও হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সচেতন নাগরিক সমাজ ও এলাকাবাসী।সোমবার ( ৮ জুন ) ঢাকা–বরিশাল মহাসড়কের পাথুরিয়ারপাড় এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তারা বলেন, ডাসার ও কালকিনি এলাকায় কিছু ব্যক্তির অপসাংবাদিকতার কারণে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সাংবাদিকতার নামে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির অভিযোগও তোলেন তারা। তবে বক্তারা স্পষ্ট করে বলেন, এই আন্দোলন সাংবাদিক সমাজের বিরুদ্ধে নয়; বরং হলুদ সাংবাদিকতা, অপসাংবাদিকতা ও ভিউ-ব্যবসার বিরুদ্ধে।তারা আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে গুজব ও ভুয়া সংবাদ ছড়িয়ে পড়ার প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়েছে।বক্তারা অভিযোগ করেন, সাংবাদিকতার আড়ালে কিছু কথিত ব্যক্তি প্রশাসন ও সাধারণ মানুষকে হয়রানি করছে। মিথ্যা সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে চাঁদাবাজি এবং অপরাধীদের সহায়তার অভিযোগও তুলে তারা এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।মানববন্ধনে উপস্থিত ছিলেন সচেতন নাগরিক সমাজের প্রধান মনির সরদার, মিঠু শিকদার, আব্দুস সালাম সরদার, সাবেক সেনা সদস্য জাকির হাওলাদার, হেলাল বেপারী, ফরহাদ সরদার, রেজাউল বেপারী, শাওন বেপারী, ফজলুল হক সরদার, কামরুল সরদার, কবির মাতুব্বরসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় তিন শতাধিক মানুষ।
