
নিজস্ব প্রতিবেদক:
বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক ও কলামিস্ট জেমস আব্দুর রহিম রানা এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বর্তমানে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র (নিটোর)-এ চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসা ও পুনর্বাসনে ইতোমধ্যে লক্ষাধিক টাকা ব্যয় হয়েছে। সামনের দিনগুলোতে আরও ব্যয়বহুল চিকিৎসার প্রয়োজন হওয়ায় তিনি ও তার পরিবার আর্থিক সংকটে পড়েছেন। এ অবস্থায় সমাজের বিত্তবান, মানবিক ও সহৃদয় ব্যক্তিদের কাছে সহযোগিতার আবেদন জানানো হয়েছে।জানা গেছে, পবিত্র ঈদুল আজহার আগের দিন সন্ধ্যায় যশোরের কেশবপুর উপজেলার ভেরচি বাজার সংলগ্ন এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন জেমস আব্দুর রহিম রানা। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র (নিটোর)-এ স্থানান্তর করা হয়।বর্তমানে তিনি হাসপাতালের কেজুয়ালিটি ব্লক-১ (ইমার্জেন্সি ওয়ার্ড)-এর ২৭ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন। ঈদের দিন বিকেলে তার পায়ে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে তাকে আরও দীর্ঘ সময় চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রমের মধ্য দিয়ে যেতে হবে।জেমস আব্দুর রহিম রানা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর কেন্দ্রীয় নির্বাহী সদস্য, দৈনিক চেতনায় বাংলাদেশ-এর নির্বাহী সম্পাদক, টাচ বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টালের বার্তা সম্পাদক এবং দৈনিক নাগরিক ভাবনা ও দ্য ডেইলি কান্ট্রি টুডে পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি সাহিত্যচর্চা ও কলাম লেখার মাধ্যমে দেশ, সমাজ ও জনমানুষের নানা সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশার কথা তুলে ধরে ব্যাপক পরিচিতি অর্জন করেছেন।পরিবার সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর থেকে চিকিৎসা, অস্ত্রোপচার, ওষুধ, পরীক্ষা-নিরীক্ষা ও অন্যান্য আনুষঙ্গিক খাতে ইতোমধ্যে লক্ষাধিক টাকা ব্যয় হয়েছে। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সামনে আরও চিকিৎসা, ফিজিওথেরাপি ও পুনর্বাসনের দীর্ঘ প্রক্রিয়া রয়েছে। ফলে চিকিৎসা ব্যয় প্রতিনিয়ত বেড়েই চলেছে। সীমিত আয়ের পরিবারের পক্ষে এ ব্যয় বহন করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।তার দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর দেশের বিভিন্ন অঞ্চলের সাংবাদিক, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা উদ্বেগ প্রকাশ করেছেন। অনেকেই ইতোমধ্যে তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা ও নানাভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তবে পূর্ণাঙ্গ চিকিৎসা নিশ্চিত করতে আরও সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে তার পরিবার।এ বিষয়ে যোগাযোগ করা হলে বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক ও কলামিস্ট জেমস আব্দুর রহিম রানা বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “আল্লাহর অশেষ রহমতে আমার অপারেশন সফল হয়েছে। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সামনে আরও দীর্ঘ চিকিৎসা ও পুনর্বাসনের পথ পাড়ি দিতে হবে। আমি সকল সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীর দোয়া কামনা করছি। পাশাপাশি মানবিক বিবেচনায় যারা আমার চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, তাদের প্রতি আমি ও আমার পরিবার চিরকৃতজ্ঞ থাকব।”যশোরের মনিরামপুর উপজেলার মনোহরপুর ইউনিয়নের খাকুন্দি গ্রামের সন্তান জেমস আব্দুর রহিম রানার দ্রুত সুস্থতা কামনায় তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছে।তার চিকিৎসা সহায়তায় এগিয়ে আসতে আগ্রহীরা নিম্নোক্ত নম্বরে যোগাযোগ অথবা আর্থিক সহায়তা পাঠাতে পারবেন—বিকাশ (পার্সোনাল): ০১৩০০৮৩২৮৬৮নগদ (পার্সোনাল): ০১৪০০৯৩৫৫৪০মানুষ মানুষের জন্য—এই চিরন্তন মানবিক বোধ থেকেই অসুস্থ এই সাংবাদিকের পাশে দাঁড়ানোর জন্য সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন তার স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা।
