
জাহাঙ্গীর আলম:
খুলনা নগরীর ময়লাপোতা এলাকা থেকে ইজিবাইকে তেতুলতলা মোড়ে এসে রহস্যজনকভাবে অচেতন হয়ে পড়েছেন অজ্ঞাত পরিচয়ের এক নারী (৫০)। মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যায় তেতুলতলা মোড়ের একটি ফার্নিচার শোরুমের সামনে এ ঘটনা ঘটে। তথ্য সূত্রে জানা যায়, ইজিবাইক থেকে নামার পরপরই ওই নারী হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। বিষয়টি দেখে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে পুলিশে খবর দেন। খবর পেয়ে সোনাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অচেতন অবস্থায় ওই নারীকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ সূত্র জানায়, অচেতন নারীর সঙ্গে কোনো ব্যাগ, মোবাইল ফোন বা পরিচয়পত্র পাওয়া যায়নি। তার পরনে থাকা পোশাক দেখে প্রাথমিকভাবে বয়স আনুমানিক ৫০ বছর বলে ধারণা করা হচ্ছে। সোনাডাঙ্গা থানার ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যাত্রাপথে ওই নারীকে চেতনানাশক জাতীয় কিছু প্রয়োগ করা হয়ে থাকতে পারে। তবে তার কোনো মালামাল খোয়া গেছে কিনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তিনি সুস্থ হয়ে কথা বলতে পারলে প্রকৃত ঘটনা জানা যাবে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং অজ্ঞাত নারীর পরিচয় শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে। পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ইজিবাইক চালককে শনাক্তের চেষ্টা চলছে। পুলিশের পক্ষ থেকে নগরবাসীকে অনুরোধ জানানো হয়েছে, কেউ যদি এই নারীর পরিচয় সম্পর্কে কোনো তথ্য দিয়ে সহায়তা করতে পারেন, তাহলে সোনাডাঙ্গা থানায় যোগাযোগ করার জন্য।
