
হামিদুল হক, রামু (কক্সবাজার ) প্রতিনিধি:
রামুর ঈদগড় সড়কের রেণুর ছড়া নদীর উপর নির্মিত ব্রীজটি দীর্ঘদিন ধরে জনগণের কোনো কার্যকর কাজে আসছে না। কয়েক বছর আগে নির্মাণ কাজ শেষ হলেও আজ পর্যন্ত ব্রীজটির দুই পাশে সংযোগ সড়কে মাটি ভরাট না করায় যান চলাচলের জন্য এটি ব্যবহার করা সম্ভব হয়নি। ফলে এলাকাবাসীর দুর্ভোগ দিন দিন বেড়েই চলেছে।স্থানীয় সূত্রে জানা যায়, বিকল্প ব্যবস্থা না থাকায় শত শত যাত্রীবাহী ও মালবাহী ভারী যানবাহন এখনো পাশের পুরনো ও মেয়াদোত্তীর্ণ ব্রীজের উপর দিয়েই চলাচল করছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে ঝুঁকি আরও বেড়ে যায় বলে জানান স্থানীয়রা।এলাকাবাসীর অভিযোগ, কোটি টাকা ব্যয়ে নতুন ব্রীজ নির্মাণ করা হলেও সংযোগ সড়কের কাজ সম্পন্ন না হওয়ায় সাধারণ মানুষ এর সুফল থেকে বঞ্চিত হচ্ছে। প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী ও সাধারণ যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।স্থানীয় বাসিন্দারা দ্রুত ব্রীজের দুই পাশে মাটি ভরাট ও সংযোগ সড়ক নির্মাণ সম্পন্ন করার দাবি জানিয়েছেন। তাদের মতে, দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে এবং প্রাণহানির ঘটনাও ঘটতে পারে।এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।
