
তারিক লিটু, কয়রা (খুলনা):খুলনার কয়রা উপজেলার সুন্দরবন এলাকায় ডাকাতদের কবল থেকে এক জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। তবে অভিযানের সময় ডাকাতদের কেউ আটক হয়নি।কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, দুর্ধর্ষ জোনাব বাহিনীর সদস্যরা কয়রা থানার খড়কুড়িয়া খালসংলগ্ন সুন্দরবন এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন কয়রা মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা জিম্মি থাকা এক জেলেকে ফেলে বনের ভেতরে পালিয়ে যায়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া জেলের নাম মজিবর গাজী (৫০)। তিনি কয়রা উপজেলার বাসিন্দা।কোস্ট গার্ড জানিয়েছে, উদ্ধার হওয়া জেলেকে তাঁর পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
