
স্টাফ রিপোর্টার, খুলনা:ডুমুরিয়া সদর ইউনিয়নে ৭টি পরিবারের বাড়ি প্রবেশের রাস্তা বন্ধ করে দিয়েছে প্রভাবশালী প্রতিপক্ষ। এতে গত ৪দিন যাবত মানবেতর জীবন যাপন করছেন ওই পরিবারগুলো।গত সোমবার সকালে উপজেলার দক্ষিণ ডুমুরিয়ায় খোকন মোড়লের বাড়ির পাশে এ ঘটনা ঘটে। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন এ ঘটনায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।সরেজমিনে গিয়ে কথা হয় অবরুদ্ধ পরিবারের ফয়সাল জোয়ার্দার,জাহাতাপ জোয়ার্দার, আলামিন শেখ, মোস্তফা মোল্লা, মোমিন জোয়ার্দার ও রবিউল জোয়ার্দারের সাথে । তারা একই সুরে সুর মিলিয়ে অভিযোগ করে বলেন,একই এলাকার প্রভাবশালী প্রতিপক্ষ মনি শেখ, ইকবাল গাজী ও শরিফুল গাজী ঘটনার দিন সকালে কোন কিছু বুঝে ওঠার আগেই বরই কাটা দিয়ে তাদের বাড়ির প্রবেশদ্বার বন্ধ করে দেয়। সেই থেকে মানবেতর জীবন যাপন করে আসছি আমরা। ক্ষতিগ্রস্ত ও ভ্যানচালক মোমিন জোয়ার্দার আরও বলেন, প্রবেশদ্বার বন্ধ করে দেয়ায় ভ্যান গাড়ি বের করতে না পেরে গত ৩/৪দিন ধরে আয়ের পথ বন্ধ হয়ে গেছে। খুবই কষ্টে দিনাতিপাত করছি। এ বিষয়ে জানতে চেয়ে কথা হয় প্রতিপক্ষ মনি শেখ ও শরিফুল গাজীর সাথে। ঘটনার সত্যতা স্বীকার করে তারা বলেন, তাদের বাড়ি অভিমূখে রাস্তাটিতে সরকারি উদ্যোগে সিসি ঢালাইয়ের কাজ শুরু হবে। রাস্তাটা সুন্দর করতে আমরা কিছু রেকর্ডীয় জায়গা ছেড়ে দিয়েছি এবং পানি নিস্কাশনের জন্য এই পরিবারগুলোকে নিজ উদ্যোগে ড্রেনেজ ব্যবস্থা গ্রহণের তাগিদ দেয়া হয়। প্রথমে তারা রাজি থাকলেও এখন সেটা বাস্তবায়ন করছে না যে কারণে এ ঘেরা বেড়া দেয়া হয়েছে।
ঘটনা প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সবিতা সরকার বলেন,বিষয়টি নলেজে ছিল না তবে এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
