
রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় সাংবাদিকের কাছে দেড় লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক।অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ মার্চ) বিকাল ৪টার দিকে উপজেলার আটজুড়ী ইউনিয়নের কাহালপুর চরপাড়া ইবনে মাসউদ মাদ্রাসা মোড়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত হিসেবে কাহালপুর এলাকার নয়ন মিয়া (২০)-এর নাম উল্লেখ করা হয়েছে।ভুক্তভোগী সাংবাদিক শরিফুল ইসলাম দিদার জানান, তিনি জাতীয় দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি। ঈদের দাওয়াতে অংশ নিতে পরিবারের সদস্যদের নিয়ে কাহালপুর গ্রামে যান। পরে সেখান থেকে মোটরসাইকেলে একা ফেরার পথে নয়ন মিয়া তার পথরোধ করে। এ সময় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ১ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে ছুরি দিয়ে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও জানান, ঘটনার কারণ সম্পর্কে তিনি কিছুই জানেন না। ঘটনার পরপরই তিনি মোল্লাহাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।জানা গেছে, সাংবাদিক শরিফুল ইসলাম দিদার দীর্ঘ ১৮ বছর ধরে বিভিন্ন গণমাধ্যমে কাজ করে আসছেন। বর্তমানে তিনি দৈনিক ইনকিলাব ও দৈনিক প্রবাহ পত্রিকার সঙ্গে যুক্ত এবং মোল্লাহাট প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
অভিযুক্ত নয়ন মিয়া কাহালপুর চরপাড়া গ্রামের সাইদ মিয়ার ছেলে। এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক জানান, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
